জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলায় দোষীদের খুঁজে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
এ হামলা কাপুরুষোচিত উল্লেখ করে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
বুধবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার বাড়িতে হামলার খবর দেন নুসরাত।
তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল, সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।
এদিকে, রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।