বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 25, 2026
মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা অংশ নেন। চূড়ান্ত পর্বে সব ধাপ পেরিয়ে সেরার মুকুট নিজের করে নেন ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। আসরের বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।

ভেনেজুয়েলার প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ শীর্ষক মুকুটটি অর্জন করেছেন জেনিফার, যাতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে। এর মধ্য দিয়ে নিজেদের দেশের মাটিতেই ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।

অনুষ্ঠানে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ নির্বাচিত হন।

জমকালো এই চূড়ান্ত পর্বটি যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।

নিজ দেশের দর্শকদের সামনেই বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭৫তম আসরে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর শিরোপা নিজের করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়।

জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং সর্বশেষ ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন।

কঠোর পরিশ্রমের স্বীকৃতি
স্বাগতিক দেশের প্রতিনিধি হওয়ায় বাড়তি সুবিধা পাওয়ার যে ধারণা অনেকের মধ্যে ছিল, তা নাকচ করে দিয়েছেন জেনিফার। প্রতিযোগিতার শুরুতে সাময়িকী ‘ওলা’ (¡HOLA!)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেবল পুয়ের্তো রিকোর প্রতিনিধি হিসেবে নয়, বরং এই মঞ্চের জন্য তিনি যে কঠোর পরিশ্রম করেছেন, মানুষ যেন সেটিরই মূল্যায়ন করে। পুরো প্রতিযোগিতা জুড়ে নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুকুট জয়ের নেপথ্যে সামাজিক অঙ্গীকার
অন্যান্য প্রতিযোগীদের চেয়ে জেনিফারের পথচলা ছিল কিছুটা ভিন্ন। ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’-তে অংশ নেওয়ার আগে তিনি কখনোই কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেননি। মূলত মনোবিজ্ঞান, সমাজকর্ম এবং সামাজিক প্রতিরোধমূলক কাজে নিজের পেশাগত অভিজ্ঞতাকে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়েই তিনি এই মঞ্চে আসেন।

২৭ বছর বয়সী জেনিফার মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া কমিউনিটি চাহিদা নিরূপণ, ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে তার বিশেষায়িত প্রশিক্ষণ রয়েছে।

২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কাজ শুরু করেন। সেখানে তিনি পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার পাশাপাশি সামরিক পরিবারগুলোর কল্যাণে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি প্রতিরোধ বিশেষজ্ঞ (প্রিভেনশন স্পেশালিস্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। জেনিফারের মতে, মানুষের সেবা করা আগে থেকেই তার জীবনের লক্ষ্য ছিল; মিস ইউনিভার্সের এই মুকুট তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে।

এআই ও নেতৃত্ব নিয়ে ভাবনা
প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নেতৃত্বের বিষয়ে নিজের সুস্পষ্ট মতামত তুলে ধরেন জেনিফার। দৈনন্দিন জীবনে এআই-এর ক্রমবর্ধমান প্রভাবের মাঝে মানুষের কোন মূল্যবোধটি কখনো হারানো উচিত নয়—এমন প্রশ্নের জবাবে তিনি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, এআই যেন কখনোই আমাদের নিজস্ব মানবিক মূল্যবোধের জায়গা দখল না করে এবং মানুষ যেন সবসময় নিজের স্বকীয়তা বজায় রাখে।

চূড়ান্ত পর্বে বর্তমান সময়ের নেতাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় কী—জানতে চাওয়া হলে জেনিফার বলেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে কাজ করলেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

নারীদের প্রতি বার্তা
বিশ্বজুড়ে নারীদের উদ্দেশে জেনিফার নিজের ওপর বিশ্বাস রাখার এবং নিজস্ব স্বকীয়তা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নারীদের কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেদের ফেলার চাপ অনুভব করা উচিত নয়। বরং নিজেদের সব দিককে আলিঙ্গন করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন নবনির্বাচিত এই মিস ইউনিভার্স।


অন্যান্য সংবাদ