মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রথম হার ঈশ্বরদীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।

জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। এসব কারখানা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু এই ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্য)।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

অন্যদিকে, অস্থিতিশীলতার কারণে ক্রেতাদের আস্থায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে।

বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় আঘাত এসেছে। অন্য দেশে বিপুল পরিমাণ অর্ডার চলে যাওয়ার মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করছে সংগঠনটি। শিল্পের উৎপাদন সচল রাখা এবং ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।


অন্যান্য সংবাদ