যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়তে হয়েছে কেটি জাকারিয়াকে। শুক্রবার (১৬ অক্টোবর) তার দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর প্রকাশ্যে আসে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে সমালোচনা এবং আইনজীবী হিসেবে তার যোগ্যতা নিয়ে বিতর্কের মধ্যেই এমন ঘটনা ঘটল। ট্রাম্প প্রকাশ্যে জাকারিয়াকে পদটি নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়ার পর তার বিদায়ের বিষয়টি সামনে আসে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, তিনি পদটি থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গত ৯ অক্টোবর জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প।
তিনি এর আগে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে যোগাযোগবিষয়ক উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে মুখপাত্র এবং ফক্স নিউজ ও নিউজম্যাক্সে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে কাজ করেছেন।
১২ অক্টোবর দায়িত্ব শুরু করেন জাকারিয়া। পরদিন ১৩ অক্টোবর হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি। প্রায় ১৪ মিনিটের ওই সংবাদ সম্মেলনে সীমিতসংখ্যক সংবাদমাধ্যমের সাংবাদিকেরা প্রশ্ন করার সুযোগ পান। তার উপস্থাপনা ও প্রশ্নের উত্তর দেওয়ার ধরন নিয়ে সমালোচনা হয়। কিছু পর্যবেক্ষকের মতে, গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার বদলে তিনি ট্রাম্প প্রশাসনের সাফল্য তুলে ধরার ওপর বেশি গুরুত্ব দেন।
প্রথম সংবাদ সম্মেলনের পর থেকেই তার প্রস্তুতি, অভিজ্ঞতা ও গণমাধ্যমের কঠিন প্রশ্ন সামলানোর সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়। তবে ট্রাম্প শুরুতে তার সংবাদ সম্মেলনের প্রশংসা করেছিলেন।
জাকারিয়ার বিদায়ের পেছনে বড় বিতর্কগুলোর একটি ছিল তার আইনগত যোগ্যতা নিয়ে প্রশ্ন। ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে ডিগ্রি নেওয়ার পর ২০১১ সালে তিনি বার পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হননি বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে আইনজীবী হিসেবে তাঁর লাইসেন্স থাকার তথ্যও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্প তাকে নিয়োগের ঘোষণায় ‘অ্যাটর্নি’ হিসেবে উল্লেখ করেছিলেন। জাকারিয়াও বিভিন্ন সময়ে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। এ নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি জানান, আইন বিষয়ে ডিগ্রি অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আইনসংক্রান্ত কাজে অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নিজেকে ‘লইয়ার’ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তিনি নিজেকে লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি হিসেবে উপস্থাপন করেননি বলে দাবি করেন।
এই বিতর্কের মধ্যে ক্যালিফোর্নিয়ার বার কর্তৃপক্ষের কাছে তার পরিচয়সংক্রান্ত দাবি তদন্তের আবেদনও জমা পড়ে বলে ওয়্যার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, জাকারিয়ার প্রতি গণমাধ্যমের আচরণ কঠোর ছিল। তার ভাষ্য অনুযায়ী, তিনি জাকারিয়াকে বলেছিলেন, দায়িত্বটি তার জন্য উপযুক্ত কি না, তা ভেবে দেখতে।
ট্রাম্প বলেন, তিনি জাকারিয়াকে পদে থাকতে বাধ্য করছেন না; বরং নিজের সুখ ও পরিবারের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই মন্তব্যের পরপরই জাকারিয়ার দায়িত্ব ছাড়ার খবর সামনে আসে।
জাকারিয়ার দায়িত্বকাল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিদের মধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন।
জাকারিয়ার আকস্মিক বিদায় ট্রাম্প প্রশাসনের যোগাযোগ ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন এবং প্রশাসনের গণমাধ্যমবিষয়ক কৌশলে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূত্র: রয়টার্স, অ্যাক্সিওস, দ্য ওয়াশিংটন পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়্যার্ড