আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এ চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী নির্বাচন কমিশন যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করেছেন।
এই প্রেক্ষিতে ভোটার তালিকা ডাটাবেইজে ৩১ অক্টোবর ২০০৮ তারিখ বা এর পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে আগামী ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ের লিংক প্রেরণের শেষ তারিখ আগামী ৪ নভেম্বর, ২০২৬। পরদিন ৫ নভেম্বর হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ করা হবে। পাশাপাশি দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর, ২০২৬।
এ ছাড়া সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর, ২০২৬। পাশাপাশি দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের তারিখ আগামী ২৪ নভেম্বর, ২০২৬। সবশেষ ২৫ নভেম্বর, ২০২৬ তারিখে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে অথবা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় সংশ্লিষ্টদের উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।