জাগো হিন্দু পরিষদের বিবৃতি ও তীব্র প্রতিবাদ
সাংবাদিক অভিজিত বনিক রুবেলের বাসায় রাতের আঁধারে গেইট ও জানালায় অজ্ঞাতনামা ব্যক্তিদের জোরে ধাক্কাধাক্কির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাগো হিন্দু পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া, ডিসি বাংলো সংলগ্ন এলাকায় সাংবাদিক, ‘কালের খবর’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং জাগো হিন্দু পরিষদের সহসভাপতি অভিজিত বনিক রুবেলের বাসায় গত কয়েকদিন ধরে রাতের সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের গেইট ও জানালায় জোরে ধাক্কাধাক্কির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক।
বিশেষ করে ২৮ আগস্ট রাতে একই ধরনের ঘটনার সময় সাংবাদিক অভিজিত বনিক রুবেল নিজেও বাসায় উপস্থিত ছিলেন। আকস্মিক ও জোরালো ধাক্কাধাক্কিতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জাগো হিন্দু পরিষদ মনে করে, কোনো নাগরিকের বাসাবাড়িতে রাতের বেলায় এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি ভয়ভীতি প্রদর্শন, অনধিকার প্রবেশের চেষ্টা কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্বাভাস কি না—তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক অভিজিত বনিক রুবেল কিংবা তার পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একজন সাংবাদিকের পেশাগত স্বাধীনতা এবং একজন নাগরিকের নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—
১. ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে হবে।
২. আশপাশের বাসা, প্রতিষ্ঠান ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে।
৩. সাংবাদিক অভিজিত বনিক রুবেল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পূর্বের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনতে হবে।
৫. ঘটনার পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উদ্দেশ্য জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।
জাগো হিন্দু পরিষদ বিশ্বাস করে, আইনের শাসন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই এ ধরনের আতঙ্ক ও ভয়ভীতির পরিবেশ দূর করা সম্ভব।
আমরা সাংবাদিক অভিজিত বনিক রুবেলের পাশে আছি এবং তার পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
জাগো হিন্দু পরিষদের পক্ষে
সভাপতি সঞ্জয় বণিক ও সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ এক প্রতিবাদ লিপিতে এ আহবান জানান।