মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা

বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা

বিনোদন ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : August 18, 2026
বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে নানা গুঞ্জন ছড়াচ্ছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি এরই মধ্যে বিয়ে হয়ে গেছে বলেও দাবি করা হয়। এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন পূজা।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তথ্য যাচাই না করে তাঁকে নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

পূজা লিখেছেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে সংবাদ তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় তিনি বিব্রত ও দুঃখিত।

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছিল, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছে। এমনকি ঘনিষ্ঠদের বরাত দিয়ে এরই মধ্যে বিয়ে হয়ে যাওয়ার দাবিও করা হয়েছিল। তবে তখন পূজার বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পূজা তাঁর পোস্টে আগের একটি সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই সবাইকে জানাবেন বলেছিলেন।

পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও জানিয়েছেন অভিনেত্রী। পূজার ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাঁকে আপাতত ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তবে বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি পূজা। তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টি তুলে ধরেছেন।

পূজা তাঁর পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেছেন। তাঁর দাবি, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। এমন খবর প্রকাশ অব্যাহত থাকলে আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসার প্রতি সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্‌দান নিয়েও গুঞ্জন ছড়ায়। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।


অন্যান্য সংবাদ