বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

শরিয়া আইন মানলে আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
শরিয়া আইন মানলে আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাসী হলে সেই আইন অনুযায়ী আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এ ক্ষেত্রে শরিয়া আইন অনুযায়ী তার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব বক্তব্য দেন তিনি। ভিডিওতে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া অডিও-ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়নি। এ নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে, তারও সমালোচনা করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অডিও-ভিডিওটির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সেটি তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে বিষয়টি যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় এবং এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে দাবি করেন।

তবে রাশেদ খাঁন দাবি করেন, ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে। ওই অনুসন্ধানের মধ্য দিয়ে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।

ভিডিওবার্তায় আমির হামজার ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে শপথ করার বিষয়টিও তুলে ধরেন রাশেদ খাঁন। তার অভিযোগ, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর অবস্থানেরও সমালোচনা করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকার করার পরিবর্তে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। তার দাবি, জাতীয় নির্বাচনের আগেই আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অবগত ছিলেন। এমনকি নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল বলেও জানান তিনি। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় শেষ পর্যন্ত আমির হামজাকে নির্বাচনে মনোনয়ন দেয়া হয় বলে অভিযোগ করেন রাশেদ।

আমির হামজার পাশাপাশি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও জামায়াতের আমিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ডা. শফিকুর রহমান তাদের বিষয়ে কোনো তদন্তের নির্দেশ দেননি কিংবা পদত্যাগের নির্দেশও দেননি।

এমন অবস্থানের মাধ্যমে জামায়াতের আমির অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, অভিযোগের ক্ষেত্রে দলের ভেতরে সবার জন্য একই ধরনের অবস্থান নেয়া হচ্ছে না।

এদিকে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, ওই বৈঠকের অভিযোগ সত্য এবং বিষয়টি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানেন।

সবশেষে আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর শরিয়া আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করা হবে কি না, তা স্পষ্ট করতে হবে।

রাশেদ খাঁন বলেন, আমির হামজা যে পাপ করেছেন বলে অভিযোগ রয়েছে, শরিয়া আইন অনুযায়ী তার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত। জামায়াত সেই ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, একদিকে শরিয়া আইন বাস্তবায়নের কথা বলা, অন্যদিকে দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ব্যবস্থা না নেয়া পরস্পরবিরোধী অবস্থান। এ ধরনের অবস্থানকে মুনাফিকি এবং জনগণের সঙ্গে মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওবার্তার শেষ দিকে রাশেদ খাঁন বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।


অন্যান্য সংবাদ