বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি কেবলই রাজনৈতিক কৌশল?

আন্তর্জাতিক ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি কেবলই রাজনৈতিক কৌশল?

ভারতে পলাতক অবস্থা থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ‘ফেরার পরিকল্পনা’ করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রস্তুতি হিসেবে তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন একজন ব্রিটিশ আইনজীবী।

তবে ভারতে পালিয়ে যাওয়ার পর একবারের জন্যও প্রকাশ্যে না আসা বহুল বিতর্কিত ও গ্রহণযোগ্যতা হারানো সাবেক এই প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পেছনে শুধু দেশে ফেরার ইচ্ছা, নাকি নিজের রাজনৈতিক সমর্থকগোষ্ঠীকে পুনরুজ্জীবিত করা এবং নতুন সরকারকে চাপে ফেলার কৌশল রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে হাসিনার ‘দেশে ফেরার পরিকল্পনা’ ও এর নেপথ্যের নানা দিক। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারবেন বলে ‘আত্মবিশ্বাসী’ শেখ হাসিনা। তার দলের পলাতক ও নির্বাসিত নেতারা এ দাবি করেছেন। এর আগে হাসিনাকে নতুন পাসপোর্ট দেয়ার অনুরোধ জানিয়ে চলতি সপ্তাহে দিল্লির বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান একজন ব্রিটিশ আইনজীবী।

২০২৪ সালের আগস্টে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে স্বেচ্ছানির্বাসন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন শেখ হাসিনা। সে সময় সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে দিল্লিতে তিনি স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেয়েছেন বলে জানা যায়।

গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধে আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ড দেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে তার নির্দেশে চালানো অভিযানে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার ঘটনায় এ রায় দেয়া হয়।

তবে শেখ হাসিনার ‘দেশে ফেরা’ বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার হাসিনাকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হতে পারে।

যদিও গত আগস্টেই ‘দেশে ফেরার’ সম্ভাবনার কথা প্রথম জানিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ভারতে বসবাসরত আওয়ামী লীগের পলাতক ও নির্বাসিত কয়েকজন নেতা দাবি করেছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে হাসিনা ‘সত্যিই আন্তরিক’ এবং এ ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’। তারা আরও দাবি করেছেন, হাসিনার ফেরার প্রস্তুতি হিসেবে দলের আরও ‘কয়েকজন নেতা’ ইতোমধ্যে ‘দেশে ফিরেছেন’।

এমন অবস্থায় গত সোমবার হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান। দ্য গার্ডিয়ানের হাতে আসা ওই চিঠিতে ‘দ্রুততম সময়ে’ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের কলকাতায় পলাতক আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’ দলের পক্ষে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি।

আওয়ামী লীগের ওই নেতা দাবি করেন, ‘তিনি দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ কারণেই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য ‘আবেদন করেছেন’। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে বাংলাদেশে ফেরার সুযোগ তৈরি করতে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন।’

এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশের সরকার। তবে ক্ষমতায় থাকাকালে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত সরকার। আর তাই প্রত্যর্পণের দাবি উপেক্ষা করে আসছে নয়াদিল্লি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

এ সপ্তাহে বাংলাদেশের সরকার জানিয়েছে, সন্ত্রাসী হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে কেবল ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ‘গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের’ মাধ্যমে দেশে ফিরতে দেয়া হবে।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক হওয়ায় তাকে (হাসিনা) নতুন পাসপোর্ট দেয়ার ‘কোনো আইনি সুযোগ নেই’।

আমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কারণ তার দণ্ডের বিরুদ্ধে আপিল করার সময়সীমা পেরিয়ে গেছে। তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়া মেনে নেয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো পথ নেই।’

ক্ষমতায় থাকার ১৫ বছরে নির্যাতন ও দমন-পীড়নের অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই বর্তমানে পলাতক ও আত্মগোপনে রয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, নিজের সমর্থকগোষ্ঠীকে আবার সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অস্থিতিশীল করতেই ‘দেশে ফেরার’ কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। কয়েক দশকের মধ্যে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জিতে গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসে এই সরকার।

এরপর থেকে সরকার মূল্যস্ফীতি এবং পোশাক শ্রমিকদের বিক্ষোভ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের আরেক নেতা দাবি করেছেন, দলের পলাতক নেতাদের সবাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। যদিও তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং পলাতক থাকায় অনুপস্থিতিতেই তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডও দেয়া হয়েছে।

গত কয়েক মাসে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে।

এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাদের অনেকেই পশ্চিমবঙ্গের এই শহরটিতে বসবাস করছেন। এমনকি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাদের নিয়মিতভাবে দিল্লিতে ডেকে পাঠানোও হয়।


অন্যান্য সংবাদ