মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়ছেন জিশান আলী

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়ছেন জিশান আলী

মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাচ্ছেন। শেনঝৌ-২৪ মহাকাশযানে চীনের দুই নভোচারীর সঙ্গে যাত্রা করবেন তিনি।

এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী এবং মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক হওয়ার কৃতিত্ব অর্জন করবেন জিশান আলী। এর মাধ্যমে মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২৫ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

এই অভিযানে চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে থাকবেন জিশান আলী। এর মধ্য দিয়ে তিনি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী এবং মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক হতে যাচ্ছেন।

অভিযানটির নেতৃত্ব দেবেন তাং হংবো। ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন উ ই। এর আগে শেনঝৌ-১২ ও শেনঝৌ-১৭ অভিযানে অংশ নিয়েছেন তাং। এবার তিয়াংগং মহাকাশ স্টেশনে তৃতীয়বারের মতো যাওয়ার মাধ্যমে তিনি প্রথম নভোচারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন। অন্যদিকে চীনের তৃতীয় দফার নভোচারী দলের সদস্য উ ই এবারই প্রথম মহাকাশে যাচ্ছেন।

পাকিস্তানি পে-লোড বিশেষজ্ঞের এই মহাকাশ অভিযান হবে স্বল্পমেয়াদি। মূলত মহাকাশ গবেষণায় পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগের আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মহাকাশ স্টেশনে নিয়মিত ক্রুদের কার্যক্রমে অংশ নেয়া, পরীক্ষার নমুনা ও গবেষণার সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করা তার দায়িত্বের মধ্যে থাকবে।

এই গবেষণার আওতায় পাকিস্তানের চারটি জীবপ্রযুক্তিবিষয়ক পরীক্ষা চালানো হবে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনে (সুপারকো) জমা পড়া ৩০০টির বেশি প্রস্তাবের মধ্য থেকে চীনা প্রতিষ্ঠানগুলো এসব পরীক্ষা বাছাই করেছে।

সুপারকোর কর্মকর্তারা এর আগে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, এসব গবেষণার বিষয়বস্তু খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, চীনের মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ থাকবেন জিশান আলী। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন তিনি।

যৌথ এই অভিযানের প্রস্তুতি হিসেবে পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশযান ও মহাকাশ স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পদ্ধতি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে চীনা কর্তৃপক্ষ।

অভিযানে অংশ নেয়া নভোচারীরা পারস্পরিক সমন্বয়, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সমস্যা মোকাবিলার বিষয়ে যৌথ মহড়াও করেছেন।

প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ভাষা প্রশিক্ষণ। সঠিকভাবে যোগাযোগ এবং নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে জিশান আলীকে চীনা ভাষায় বিভিন্ন নির্দেশনা ও কারিগরি পরিভাষা শেখানো হয়েছে।

এছাড়া পাকিস্তানি নভোচারীর ভাষাগত ও খাদ্যসংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র চীনা ও ইংরেজি ভাষায় পরিচালনা নির্দেশিকা তৈরি করেছে। তার জন্য হালাল খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। চীনের মহাকাশ কর্মসূচিসংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, ২১ নভেম্বর জিউকুয়ানে অনুষ্ঠিত চূড়ান্ত পূর্ণাঙ্গ উৎক্ষেপণ মহড়ায় এসব প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।

চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে মহাকাশযাত্রা করবেন। এর মধ্য দিয়ে তিয়াংগং হবে বিদেশি নভোচারীকে আতিথ্য দেয়া চীনের প্রথম মহাকাশ স্টেশন।

এই অভিযান মহাকাশ গবেষণায় পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানে অংশ নিতে পাকিস্তানি নভোচারী বাছাই ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ একটি চুক্তি সই করে। এর মধ্য দিয়েই নভোচারী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

তিন দফা যাচাই-বাছাই ও মূল্যায়নের পর জিশান আলী ও খুররম দাউদকে বিকল্প নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। পরে তারা চীনে প্রশিক্ষণ সম্পন্ন করেন। ঐতিহাসিক এই অভিযানের জন্য এখন জিশান আলীকে চূড়ান্ত করা হয়েছে। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন খুররম দাউদ।

এদিকে শেনঝৌ-২৪ অভিযানের মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে নভোচারীদের দায়িত্ব পালনের সূচিতেও পরিবর্তন আসবে। নভোচারী বাছাইয়ের সঙ্গে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেনঝৌ-২৩ অভিযানের বিদায়ী দলের সদস্য ঝু ইয়াংঝু তিয়াংগংয়ে থেকে যাবেন। সেখানে তিনি এক বছরব্যাপী মহাকাশে অবস্থানসংক্রান্ত একটি পরীক্ষায় অংশ নেবেন।

জিও নিউজ বলছে, গত ১৭ নভেম্বর মহাকাশযান শেনঝৌ-২৪ ও সেটির উৎক্ষেপণযান লং মার্চ-২এফ উৎক্ষেপণ এলাকায় নেয়া হয়। এর চার দিন পর সফলভাবে সম্পন্ন হয় চূড়ান্ত পূর্ণাঙ্গ মহড়া। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে চীনা কর্তৃপক্ষ জানায়, মহাকাশযান ও রকেট নিয়ন্ত্রণাধীন অবস্থায় রয়েছে, নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশন কমপ্লেক্স স্বাভাবিকভাবে কাজ করছে। উৎক্ষেপণের প্রস্তুতিও পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

এই ঐতিহাসিক মহাকাশযাত্রার মধ্য দিয়ে মানববাহী মহাকাশ অভিযান, বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্যাটেলাইট উন্নয়নসহ মহাকাশপ্রযুক্তির বিভিন্ন প্রকল্পে চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা আরও বিস্তৃত হবে।


অন্যান্য সংবাদ