সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া। প্রতিবেশী এই বাল্টিক রাষ্ট্রটির বিরুদ্ধে একাধিক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে এমন হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এস্তোনিয়ার বিরুদ্ধে নানা ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনে। মন্ত্রণালয়ের দাবি, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশটি রাশিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রয়েছে।
এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়ার পর এবং বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রাশিয়া। এরপর এক বিবৃতিতে এস্তোনিয়ার বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।’ একই সঙ্গে এস্তোনিয়ার মধ্যে ‘রুশবিদ্বেষী’ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছে মস্কো।
অন্য অভিযোগগুলোর মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের ড্রোনগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। তবে এ অভিযোগ দ্রুতই প্রত্যাখ্যান করেছে তালিন।
এছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ, রুশ ভাষা নিষিদ্ধ করার চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেয়ার অভিযোগও এনেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার জাতীয় স্বার্থ এবং দেশটির নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করছে মস্কো।’
আল জাজিরা বলছে, এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। মস্কো প্রায়ই অভিযোগ করে আসছে, দেশটিতে এই জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অনুপ্রবেশের পেছনেও ওই অঞ্চলে রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল মস্কো।
এর আগে চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে তাদের সীমান্তের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হবে। অন্তত ছয় মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল ক্রেমলিনের নিরাপত্তা সংস্থাগুলো।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা অনেক বেড়েছে। ইউক্রেনের মিত্র এস্তোনিয়ার মতে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর শত্রুতামূলক কর্মকাণ্ডের বৃহত্তর পরিকল্পনারই অংশ এসব ঘটনা।
তবে ওই হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর ‘অনিবার্য নেতিবাচক প্রভাব শুধু তালিনের ওপরই নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে তাদের মিত্রদের ওপরও পড়বে।’
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাশিয়ার সব অভিযোগের জবাব দেয়নি। তবে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘সাধারণত আমরা রাশিয়ার অপপ্রচারমূলক বক্তব্য নিয়ে মন্তব্য করি না বা সেগুলোর বিষয়ে বিতর্কে জড়াই না। তবে এ ক্ষেত্রে আবারও স্পষ্ট করে বলতে চাই, অন্য কোনো দেশের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়া কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের অঞ্চলের অন্য দেশগুলোও একই অবস্থান স্পষ্ট করেছে।’
দীর্ঘদিন ধরেই এস্তোনিয়াসহ বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগ করে আসছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কিয়েভের দাবি, রাশিয়ার সিগন্যাল জ্যামিংয়ের কারণে এমন ঘটনা ঘটছে।
তবে ন্যাটোর দেশগুলো বারবারই ইচ্ছাকৃতভাবে ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে। এসব অনুপ্রবেশের জন্য তারা রাশিয়াকেই দায়ী করেছে।
বার্লিনে বক্তব্য দেয়ার সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পরিস্থিতির পাশাপাশি গত সপ্তাহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের ঘটনাও পর্যবেক্ষণ করছে জোটটি। এসব পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন বিকল্প রয়েছে বলেও জানান তিনি।
রুটে বলেন, ‘পোল্যান্ড ও এস্তোনিয়াসহ বিভিন্ন জায়গার পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। সামরিক ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হয়। প্রয়োজন অনুযায়ী সেগুলো হালনাগাদও করা হবে।’