ফুটবল মাঠে যেমন রাজত্ব, উপার্জনেও তেমন দাপট লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের জায়গাটি ধরে রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক প্রায় ৩৫৩ কোটি টাকা। তালিকায় মেসির ধারেকাছেও নেই অন্য কেউ। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানডফস্কির সঙ্গে তার পারিশ্রমিকের ব্যবধানও বেশ বড়।
বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ইন্টার মায়ামির হয়ে মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকা। গত বছরের তুলনায় তার পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।
তবে এই হিসাবের মধ্যে শুধু মাঠে খেলার জন্য পাওয়া পারিশ্রমিক অন্তর্ভুক্ত। স্পনসরশিপ কিংবা অন্যান্য উৎস থেকে মেসির আয় এতে যোগ করা হয়নি। গত বছর ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। চলতি বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দেয়া এই ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৩ কোটি ৩১ লাখ টাকা।
তৃতীয় স্থানে অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তার পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন পান ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। আর পঞ্চম স্থানে আছেন আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তার পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।
খেলোয়াড়দের পারিশ্রমিকের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪০ কোটি ৪২ লাখ টাকা।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে শিকাগো ফায়ার। তাদের খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। এরপর আছে আটলান্টা ইউনাইটেড (৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার) ও লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার)।
অন্যদিকে, খেলোয়াড়দের পেছনে সবচেয়ে কম অর্থ খরচ করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক্লাবটির মোট নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। তাদের ওপরে আছে স্পোর্টিং কানসাস সিটি (১ কোটি ৩৩ লাখ ডলার) ও ডিসি ইউনাইটেড (১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)। তথসূত্র- গোল ডটকম