ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে সামরিক অভিযান, যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপনে এই বিপুল অর্থ খরচ হয়েছে। তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের ব্যয় এখনো এই হিসাবের বাইরে রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের এক শুনানিতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সিনেটে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থের এ তথ্য সামনে আনা ওই কর্মকর্তার নাম আর্থার মিলার। তিনি মার্কিন নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব হিসেবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।
সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি ইরান যুদ্ধের ব্যয়ের এই হিসাব তুলে ধরেন। আর্থার মিলার বলেন, এই হিসাবের মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্রের খরচ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় এবং সামরিক অভিযান পরিচালনার খরচ।
তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।
এ বিষয়ে সিনেটর রিচার্ড ব্লুমেনথালের প্রশ্নের জবাবে মিলার স্বীকার করেন, স্থাপনাগুলো মেরামতের অতিরিক্ত ব্যয় এই হিসাবের মধ্যে ধরা হয়নি। তবে এ খাতে ঠিক কত অর্থ ব্যয় হতে পারে, সে বিষয়ে তার কাছে কোনো হিসাব নেই।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা থমকে যাওয়ায় পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়।
এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।