জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের ঐতিহাসিক এই রায় ঘোষণা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।
মোহাম্মদ মুইজ্জু বলেন, এই রায় ‘গণহত্যা কনভেনশন’ সমুন্নত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রক্ষা এবং শান্তিপূর্ণ ও বিচারিক উপায়ে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের অপরিহার্য ভূমিকাকেও তুলে ধরে।
তিনি আরও বলেন, এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর একটি হিসেবে মালদ্বীপ গণহত্যা প্রতিরোধ ও মোকাবিলার আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এ ধরনের নৃশংসতা রোধ করার জন্য কেবল আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীল থাকাই যথেষ্ট নয়, বরং ভুক্তভোগীদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত সংকল্পও প্রয়োজন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, আমরা সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা যেন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে এবং গণহত্যা প্রতিরোধ, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানুষের মর্যাদাকে সুরক্ষা দেওয়ার প্রচেষ্টায় সমর্থন জোগায়।