বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের আন্ধেরি রেলস্টেশনের কাছে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে আন্ধেরি পশ্চিমের ডিএন নগর এলাকার দিকে বাইকটির গতিবিধি শনাক্ত করে। পরে সেটি জব্দ করা হয়। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলাকারীরা রেলস্টেশনের দিকে গিয়ে ট্রেনে চড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করতে স্টেশনের সিসিটিভি ফুটেজে মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় তদন্তের জন্য পুলিশের ১৫টি দল কাজ করছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় এ ঘটনা ঘটে। ফুটবল খেলে পুষ্পা পার্ক থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে তিন হামলাকারী পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রথমেঅভিনেতা অক্ষত থাকার খবর আসলেও পরে দেখা যায় তিনি কিছুটা আহত। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত ছবিতে দেখা যায় বুকে ও বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন অভিনেতা। এছাড়াওএ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথিত দুই সদস্য অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার দায় স্বীকারের দাবি করেন। পোস্টে বলিউডের কয়েকজনকে হুমকিও দেয়া হয় উল্লেখ করা হয়েছে। তবে তাদের দাবির সত্যতা নিশ্চিত হয়নি। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।