দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে সূচিত হলো এক নতুন অধ্যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিড সংযোগের এ প্রক্রিয়ায় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা ও ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকে কি না, তা যাচাই করা হবে।
এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের সূচনা নয়। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রমের অংশ।
পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করার আগে আরও কয়েক ধাপে কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।