কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ১৪শ’ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে তারা পালিয়ে গেছে। তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও মানুষ হত্যা করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেয়।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা বেআইনি কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনটাই ছাড়বো না। জনগণকে সঙ্গে নিয়ে এ দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বলবো।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।