সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় লাগা আগুনে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এরমধ্যে ৯ জনের মরদেহ দেশে এসেছে গত ২৭ আগস্ট। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর ৫ জন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ মহল্লার মজনু রহমানের ছেলে শাহিন (২৮), আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (৩০), একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামানিক (২৬), মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব (৩৪) এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী (৩২)। এ ছাড়া, নাটোরের দুজন হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীপাড়া গ্রামের জাকের আলীর ছেলে মোহাম্মদ শামিম (৩৪) ও খাজুর গ্রামের বাব্বানির ছেলে সাব্বির হোসেন (২৭)।
এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। যেহেতু মরদেহগুলো বেশ পুরোনো তাই আগের মরদেহগুলোর মত এক জায়গায় জানাযার কোন ব্যবস্থা থাকছে না। দেশে আসার পর সবগুলো মরদেহ নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে। সেখানেই স্থানীয়ভাবে জানাযা শেষে সেগুলোর দাফন সম্পন্ন হবে।