শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

ইসরায়েলের ভোট গণনা শেষ, ৫৩ আসনেই আটকে নেতানিয়াহুর জোট

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
ইসরায়েলের ভোট গণনা শেষ, ৫৩ আসনেই আটকে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

মূলত ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই পায়নি। এর ফলে নির্বাচনের ভোট গণনা শেষ হলেও সরকার গঠনের সমীকরণে কোনো স্পষ্ট অগ্রগতি নেই। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এদিকে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ ব্যালট হিসেবে পরিচিত ‘ডাবল এনভেলপ’ বা দ্বৈত খামের ভোট গণনাও শেষ হয়েছে। তবে চূড়ান্ত ফল পরে প্রকাশ করা হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, ১২ হাজার ৬৪৪টি ভোটকেন্দ্রের ভোটের হিসাব তাদের তথ্যব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ৫৫ লাখ ৮৯ হাজার ৮৩৬টি ভোট পড়েছে। এর মধ্যে বৈধ ভোট ৫৫ লাখ ৬৪ হাজার ৭৬৪টি এবং বাতিল ভোট ২৫ হাজার ৭২টি।

বিশেষ ব্যালটের আওতায় ভোট দিয়েছেন সেনাসদস্য, কারাবন্দি, কূটনীতিক এবং হাসপাতালে ভর্তি থাকা এমন ভোটাররা, যারা নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি।

বিশেষ ব্যালট গণনার পর কয়েকটি দলের আসনসংখ্যায় পরিবর্তন এলেও গত বুধবার প্রকাশিত ফলাফলের তুলনায় তিনটি রাজনৈতিক জোটের সামগ্রিক আসনবণ্টনে কোনো পরিবর্তন হয়নি।

সর্বশেষ ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টির আসনসংখ্যা ২৬ থেকে বেড়ে ২৭ হয়েছে। অন্যদিকে অতি-গোঁড়া ইহুদিদের দল শাসের আসন সাতটি থেকে কমে ছয়টি হয়েছে। আরব দলগুলোর মধ্যে রা’আম একটি আসন বাড়িয়ে মোট আটটি পেয়েছে।

অন্যদিকে, জয়েন্ট লিস্টের আসন একটি কমে দাঁড়িয়েছে ১১টিতে। নেতানিয়াহুর জোটে তার লিকুদ পার্টির পাশাপাশি মিত্র কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোও রয়েছে।

অন্যদিকে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে রয়েছে তার দল ইয়াশার, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জোট টুগেদার, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু।

আরবদের দুটি দল—জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম)—মিলে ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে তাদের।

তবে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট—কেউই ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ১৯৯৯ সালের পর এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি নতুন সরকার গঠনের জন্য একজন আইনপ্রণেতাকে দায়িত্ব দেবেন।

নতুন পার্লামেন্ট বা নেসেটের সদস্যদের শপথ নেয়ার কথা রয়েছে আগামী ১০ নভেম্বর।


অন্যান্য সংবাদ