বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে: রাশেদ খাঁন সব নির্বাচন একই মানে করতে চায় ইসি, নভেম্বরে সংলাপ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নিষেধাজ্ঞার ঝুঁকিতে শঙ্কায় নেইমারের বাকি মৌসুম ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন অ্যান্ডারসন লজ্জার রেকর্ড গড়ে বিদায় আর্সেনালের আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 28, 2026
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন এবার নতুন পরিচয়ে ক্রিকেটে আসছেন। ইতালিতে শুরু হতে যাওয়া টি-টেন লিগের নাপোলি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হয়েছেন ৪৪ বছর বয়সী এই পেসার।

তবে ক্রিকেটার হিসেবে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আগামী মৌসুমের জন্য অ্যান্ডারসনের সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে না বলে সম্প্রতি নিশ্চিত করেছে ল্যাঙ্কাশায়ার।

আগামী ১৮ থেকে ২৯ নভেম্বর রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ইতালিয়া টি-টেন লিগের প্রথম আসর। সাবেক এসেক্স ও সারে ব্যাটার নাদিম শহিদের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপেক্স টি-টেন লিমিটেডের উদ্যোগে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

মঙ্গলবার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতার অন্যতম ফ্র্যাঞ্চাইজি নাপোলি নাইটস পরিচালনা করবে ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেজার।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও সাবেক ল্যাঙ্কাশায়ার উইকেটকিপার লুক সাটনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক হয়েছেন অ্যান্ডারসনও। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর অ্যান্ডারসনের ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন সাটন।

তবে ফ্র্যাঞ্চাইজিতে অ্যান্ডারসন নিজের অর্থ বিনিয়োগ করেছেন, নাকি তার অভিজ্ঞতা ও সম্পৃক্ততার বিনিময়ে মালিকানার অংশ পেয়েছেন- তা এখনও নিশ্চিত নয়।

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে হতাশ অ্যান্ডারসন
গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস অ্যান্ডারসনকে জানান, আগামী মৌসুমে তার সঙ্গে নতুন চুক্তি করার পরিকল্পনা নেই ক্লাবটির। বিষয়টি নিয়ে হতাশা গোপন করেননি ইংল্যান্ডের সাবেক এই তারকা।

রোববার ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘সিদ্ধান্তটা আমার হাতে থাকলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।’

২০২৭ মৌসুমে অন্য কোনো কাউন্টি দলের সঙ্গে চুক্তির চেষ্টা করবেন কি না, তা এখনো স্পষ্ট নয় অ্যান্ডারসনের। সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমেও নিজের উপস্থিতি বাড়িয়েছেন তিনি।

নিয়মিত বিবিসিতে ক্রিকেট বিশ্লেষকের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি রয়েছেন ‘টেইলেন্ডার্স’ পডকাস্টে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর স্বল্প সময়ের জন্য ইংল্যান্ড দলের কোচিংয়েও যুক্ত ছিলেন তিনি।

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্ত ও অ্যান্ডারসনকে বিদায় জানানোর ধরন নিয়ে সমালোচনা করেছেন তার সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টুয়ার্ট ব্রড।

মঙ্গলবার ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ব্রড বলেন, ‘ল্যাঙ্কাশায়ার যেভাবে বিষয়টি সামলেছে, তা আমার ভালো লাগেনি। ব্যাপারটা ঠিকভাবে করা হয়নি। আমার মনে হয়েছে, এটি অসম্মানজনক। ক্লাবের কিংবদন্তি ও সেরাদের আরও ভালোভাবে বিদায় জানানো উচিত। এমন ঘটনায় ক্লাবটির নেতৃত্বের ঘাটতিই ফুটে ওঠে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন ভূমিকায়
অ্যান্ডারসনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালিক হিসেবে যুক্ত হওয়ার খবরটি কিছুটা বিস্ময়কর। কারণ, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার আগ্রহ বরাবরই সীমিত।

দীর্ঘ ক্যারিয়ারে খুব কমই খেলেছেন ফ্র্যাঞ্চাইজি বা ছোট সংস্করণের টুর্নামেন্ট। গত বছর ‘দ্য হান্ড্রেড’-এ ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছিলেন, প্রতিযোগিতাটিতে কাটানো প্রতিটি মুহূর্তই তাঁর অপছন্দ ছিল।

তবে এবার ক্রিকেটের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত অ্যান্ডারসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এবার সম্পূর্ণ ভিন্নভাবে খেলাটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। লুকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই একসঙ্গে নতুন এই চ্যালেঞ্জ নেওয়া আমার কাছে বিশেষ কিছু।’

ইতালিয়া টি-টেন লিগের সম্ভাবনা তুলে ধরে অ্যান্ডারসন আরও বলেন, ‘এটি দারুণ একটি উদ্যোগ। ইতালিতে ক্রিকেটের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ভালো মানের খেলোয়াড়দের একত্র করা এবং দর্শকদের বিনোদন দেওয়ার বড় সুযোগ রয়েছে এখানে। অবশ্যই আমরা চাই নাপোলি নাইটস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে শিরোপার লড়াই করুক। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরও যেন এই উদ্যোগের বিকাশ অব্যাহত থাকে, সেটিও আমাদের লক্ষ্য।’

সাটনও নতুন এই যাত্রা নিয়ে আশাবাদী। তার ভাষ্য, ‘নাপোলি নাইটসের মালিক হিসেবে ইতালিয়া টি-টেন লিগে যুক্ত হতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। জীবনের বড় একটি অংশ ক্রিকেটের সঙ্গে কাটানো জিমি ও আমার কাছে এটি নতুন ও উচ্চাভিলাষী একটি উদ্যোগের অংশ হওয়ার অসাধারণ সুযোগ। একই সঙ্গে একটি উদীয়মান ক্রিকেটীয় দেশে খেলাটির প্রসারে অবদান রাখতে চাই আমরা।’

ইতালিতে বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা
সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বেড়েছে। চলতি বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে দেশটির পুরুষ দল। গ্রুপ পর্বে নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমকও দেখিয়েছে তারা।

ইতালির জাতীয় দলে ইতালীয় বংশোদ্ভূত বিদেশে জন্ম নেওয়া ক্রিকেটারদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। দলটির অধিনায়কত্ব করেছেন ডার্বিশায়ারের ওয়েইন ম্যাডসেন ও অস্ট্রেলীয় অলরাউন্ডার হ্যারি মানেন্তির মতো ক্রিকেটাররা।

ইতালিয়া টি-টেন লিগে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকপক্ষও। তারা কিনেছে রোম ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরাও এই প্রতিযোগিতায় বিনিয়োগ করেছেন।

লিগ কর্তৃপক্ষের লক্ষ্য, বিনোদনমূলক ক্রিকেট উপহার দেওয়া, প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরা এবং ইতালি ও আন্তর্জাতিক অঙ্গনের দর্শকদের আকৃষ্ট করা। আর সেই লক্ষ্য বাস্তবায়নে এবার মাঠের বাইরের নতুন ভূমিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।


অন্যান্য সংবাদ