শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। ভারতের কাছে ৪৩-১৩ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে ২৪-৮ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পরও একই ধারায় গোল করতে থাকে তারা।
ভারতের ভাওয়ানা একাই ১৩ গোল করে ম্যাচ সেরা হয়েছেন। ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশের ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তারা। নিজ দেশের হয়ে খেলতে এসে বাংলাদেশকে হারিয়ে ভাওয়ানা বলেন, ‘আমি এখানে তৃতীয়বার এসেছি। এর আগে এখানে দুবার লিগ খেলেছি। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব ভালো। তারা আমাদের সমর্থন করেন। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো।’
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ভারত। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী ভাওয়ানা বলেন, ‘আমাদের দলের সমন্বয় খুব ভালো। আমরা ফাইনালে পদক নিয়েই ফিরব।’
ভারতের কাছে হারলেও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হতে পারবে বাংলাদেশ। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।
ভারতের কাছে হারের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো দুই দলের প্রস্তুতি ও দক্ষতার পার্থক্যের কথা তুলে ধরে বলেন, ‘আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে। আর অন্যটি হলো বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে, তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়।’