রাশিয়ার তেল ও গ্যাস খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম কমেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।
এর আগে গত শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মাধ্যমে কার্যকর হওয়ার কয়েক দিন আগেই রাশিয়াসংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা বাতিল করা হয়।
এসব পদক্ষেপের মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির কাছ থেকে তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও ছিল।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সম্প্রতি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর জেরে গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়। ওই বছরের মে মাসের পর এটিই ছিল সর্বোচ্চ দাম।
তবে রাশিয়ার ওপর পরিকল্পিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা।