নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। তবে সিরিজে তার খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর।
আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০২৫ সালের নভেম্বরের পর আর টেস্ট খেলেননি বুমরাহ। নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। ভারতের নির্বাচক ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতে ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বুমরাহর কাজের চাপ নিয়ন্ত্রণে রাখা হবে।
সবশেষ জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিলেন বুমরাহ। সেখানে সোনার পদক জেতে ভারত। বর্তমানে আহমেদাবাদে নিজের মতো করে অনুশীলন করছেন এই পেসার। নিউ জিল্যান্ড সফরের আগে ফিটনেস অনুশীলনের জন্য বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে যাওয়ার কথা রয়েছে তার।
ইরানি কাপের ম্যাচে রেস্ট অব ইন্ডিয়ার অধিনায়কত্ব করার সময় সাইড স্ট্রেইনে পড়েন পন্ত। প্রথম ইনিংসে সুইপ শট খেলতে গিয়ে চোট পান তিনি। এর ফলে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই অনানুষ্ঠানিক টেস্টে খেলতে পারেননি। আগামী ৭ থেকে ১০ নভেম্বর লিংকনে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। ওই ম্যাচে শুভমান গিল, লোকেশ রাহুল ও অংশুল কাম্বোজেরও খেলার কথা।
টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। তবে তার ওয়ানডে সিরিজে খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। পরীক্ষায় তার বাঁ হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়েছে, তবে পেশি ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর চোট পাওয়া যায়নি। গত দুই সপ্তাহ ধরে পুনর্বাসন ও শক্তি বাড়ানোর অনুশীলন করছেন তিনি।
ইরানি কাপ ও রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্সের পর টেস্ট দলে ফিরেছেন আকাশ দীপ। দলে ফিরেছেন অংশুল কাম্বোজও, যিনি ২০২৫ সালের জুলাইয়ে ম্যানচেস্টারে টেস্ট অভিষেক করেছিলেন। পেস আক্রমণে তাঁদের সঙ্গে থাকবেন মোহাম্মদ সিরাজ ও নীতীশ কুমার রেড্ডি।
শ্রীলঙ্কা সফরে চার ইনিংসে ১৬ উইকেট নেওয়া মানব সুতার এবার টেস্ট দলে জায়গা পাননি। স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে বেছে নিয়েছে ভারত। তাঁদের সঙ্গে আছেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পায়ের আঙুলের চোটে ছিটকে যাওয়া সাই সুদর্শনও দলে ফিরেছেন।
শেষ দুই ওয়ানডেতে অধিনায়ক শ্রেয়াস
টেস্ট সিরিজের আগে ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দলও ঘোষণা করেছে ভারত। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। গিল, লোকেশ রাহুল ও অংশুল কাম্বোজ প্রথম তিন ওয়ানডে খেলে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
এবারই প্রথম ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। শেষ দুই ওয়ানডের দলে রাখা হয়েছে তাকে। একই দুই ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন অকিব নবিও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, জসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
প্রথম তিন ওয়ানডের জন্য ভারতের দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কাম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ঈশান কিষান (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ (ফিটনেস পরীক্ষার ওপর নির্ভরশীল) ও কুলদীপ যাদব।
শেষ দুই ওয়ানডের জন্য ভারতের দল
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অকিব নবী, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।