মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৮ম চালান

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৮ম চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ৮ম চালান পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ৭টিসহ মোট ৮টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

এদিকে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ। টানা সাড়ে ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরপর গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


অন্যান্য সংবাদ