আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে দেশের উপকূলীয় জনপদে আঘাত হেনেছিল প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘গোর্কি’। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় পাঁচ লাখ মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দ্বীপজেলা ভোলায়। ৫৬ বছর পেরিয়ে গেলেও উপকূলীয় মানুষের নিরাপত্তায় এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কা নিয়েই কাটছে তাদের জীবন।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড়প্রবণ দেশ। ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল। সরকারি হিসাব অনুযায়ী সেসময়ে ভোলায় প্রাণ হারান প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ, তবে বেসরকারি হিসাব ও স্থানীয়দের দাবি এ সংখ্যা প্রায় ৫ লাখ।
পবিত্র রমজান মাসের সেই দিনটিতে প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশজুড়ে কালো মেঘ থাকলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয় প্রকৃতি। ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস আর ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস মুহূর্তেই তছনছ করে দেয় উপকূলের বিস্তীর্ণ জনপদ। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা, তজুমদ্দিন, চরফ্যাশন, চরনিজাম, ঢালচর ও কুকরি-মুকরিসহ জেলার বিভিন্ন স্থানে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। ঝড়ের পর নদী-নালা, খাল-বিল আর বিস্তীর্ণ জনপদে কচুরিপানার মতো ভেসে বেড়িয়েছিল অসংখ্য মানুষের মরদেহ। সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলের মানুষকে।
১৯৭০ সালের সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভুলতে পারেননি ভোলার উপকূলের বেঁচে ফেরা মানুষগুলো। তাদেরই একজন দৌলতখান উপজেলার তৎকালীন মেদুয়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম। সেদিনের ভয়াল জলোচ্ছ্বাসে নিজের জন্মদাত্রী মা, দুই ভাই, এক বোনসহ পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছেন তিনি। চোখের সামনে স্বজনদের হারানোর সেই দুঃসহ স্মৃতি আজও কাঁদায় তাকে।
আমিরুল ইসলামের মতো অসংখ্য মানুষের কাছে ১২ নভেম্বর শুধু একটি তারিখ নয়, স্বজন হারানোর এক বেদনাবিধুর ইতিহাস। সুপার সাইক্লোন গোর্কির আঘাতে ভোলার উপকূলে সেদিন যেন রচিত হয়েছিল এক মৃত্যুপুরীর ইতিহাস।
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা, তজুমদ্দিন, চরফ্যাশন, চরনিজাম, ঢালচর ও কুকরি-মুকরিসহ জেলার বিস্তীর্ণ জনপদে নেমে এসেছিল মৃত্যুর বিভীষিকা। স্থানীয়দের মতে, শুধু ভোলাতেই প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ। এমন কোনো গ্রাম ছিল না, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেনি।
৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ক্ষত শুকায়নি। আর নতুন করে কোনো ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলেই আতঙ্কিত হয়ে পড়েন উপকূলের মানুষ।
প্রলয়ংকারী সেই ঘূর্ণিঝড়ের পর কেটে গেছে পাঁচ দশকেরও বেশি সময়। কিন্তু উপকূলের মানুষের নিরাপত্তায় এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন জনপদে।
তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং বিচ্ছিন্ন চরাঞ্চলে পর্যাপ্ত মাটির কিল্লা নির্মাণের দাবি স্থানীয়দের। পাশাপাশি ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণীয় করে রাখার দাবিও জানিয়েছেন সচেতন মহল।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ভোলায় মোট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধের দৈর্ঘ্য মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। বর্তমানে ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসন কাজ চলমান রয়েছে। তবে এখনো অরক্ষিত রয়েছে ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ।
এদিকে, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে পুরো বাঁধ টেকসই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ। ঝুঁকি ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে সিসি ব্লক দিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তবে, আগের তুলনায় দুর্যোগ মোকাবিলায় উপকূলের সক্ষমতা বেড়েছে এমনটি দাবি করে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও উদ্ধার কার্যক্রমে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এ মুহূর্তে ভোলা জেলে ৮৮৪টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এটি একটি জেলার জন্য একেবারেও কম নয়। প্রয়োজনে আরও সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।