হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। দুইশ ছাড়ানো পুঁজি দাঁড় করিয়ে ফেলে তারা। সেটি অবশ্য বাংলাদেশের জন্য কঠিন কিছু হয়নি। সাইফ হাসান, শাহাদাত দিপুর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর ঝড় তোলেন ইয়াসির আলী। এতে সহজেই হংকংকে হারিয়ে রাইজিং স্টার এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ ‘এ’ দল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান করে হংকং। জবাব দিতে নেমে ৪১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৮ উইকেটের জয় তুলে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন সাইফ হাসান। এক ছক্কা ও চার চারে ৮৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। এর আগে বল হাতেও এক উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। তার সঙ্গী ইয়াসির আলিও ছিলেন বেশ মারমুখী। ৫ ছক্কা ও ৩ চারে ৫১ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। দুই চারে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর হাল ধরেন অধিনায়ক সাইফ ও শাহাদাত হোসেন।
দারুণ ব্যাটিংয়ে ফিফটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন শাহাদাত। কিন্তু শেষ পর্যন্ত আর ফিফটি ছোঁয়া হয়নি তার। আতিক ইকবালের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এক ছক্কা ও ছয় চারে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। তার বিদায়ে ভাঙে ৮৪ রানের জুটি।
তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি সাইফ ও ইয়াসির। ৮০ বলে নিজের ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন সাইফ। অন্যদিকে, এহসান খানের বলে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের রঙ পাল্টে দেন ইয়াসির। এর প্রথম ছক্কাতেই ৪৩ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
শেষ পর্যন্ত সাইফ ও ইয়াসিরের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের হয়ে কেবল দুজন ব্যাটার ফিফটির দেখা পান। দুই ছক্কা ও পাঁচ চারে ৭৭ রান করেন আনশি রাঠ। আর এক ছক্কা ও পাঁচ চারে এইজাজ খান করেন ৬৭ রান। বাকি ব্যাটারদের কেউই ২০ রানের কোটা ছুঁতে পারেননি।
ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়ে হংকং। ৫২ রানের মধ্যেই টপ অর্ডারের তিন উইকেট হারায় তারা। তবে শুরুর সেই ধাক্কা সামলে দলকে লড়াইয়ে ফেরান আনশি রাঠ ও এইজাজ খান। এই দুজন মিলে গড়েন ১২৮ রানের বড় জুটি।
২৯তম ওভারে সামিউন বাশিরকে ছক্কা মেরে ৫৭ বলে ফিফটি পূর্ণ করেন আনশি। তবে অন্য প্রান্তে এইজাজ খান খেলছিলেন বেশ ধীরগতিতে। তার ফিফটি ছুঁতে লাগে ৯০ বল।
এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। রাকিবুল হাসানের ওভারে জোড়া ধাক্কা খায় হংকং। আনশি ক্যাচ তুলে ফেরার ঠিক পরের বলেই রান আউটে কাটা পড়েন আব্দুল সামাদ। এর দুই ওভার পর এইজাজকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান ইকবাল হোসেন। তাতে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায় হংকংয়ের।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। তিনি একাই নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।