রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছু পণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দামও কমেছে। তবে টমেটো ও শিমের মতো কয়েকটি সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগি, মাছ ও গরুর মাংসের দাম রয়েছে আগের অবস্থায়।
বর্তমানে বাজারের সবচেয়ে সস্তা সবজি লাউ ও পেঁপে। আর দামি সবজির তালিকায় রয়েছে- টমেটো, শিম ও ফুলকপি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা কমেছে। শিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ২০০ টাকা।
নতুন আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। প্রতিকেজি মুলা ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
পূজার ছুটিতে চাহিদা কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সব ধরনের সবজিও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। পটল, ঢেঁড়শ, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন কেজিতে ২০ টাকা কমে ৮০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, টমেটো কেজিতে ৫০ টাকা কমে ১৫০ টাকা, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর প্রতিকেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পেঁপে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুরলতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা দাম কিছুটা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির উচ্চমূল্যের মধ্যে একমাত্র স্বস্তি এসেছে কাঁচা মরিচের বাজারে। এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। সবজি ক্রেতা সৌরভ আহমেদ বলেন, ‘বাজারের সস্তা সবজি হচ্ছে লাউ, পেঁপে। দামি সবজি টমেটো ও শিম। শীতকালীন সবজি বাজারে আসায় কিছুটা দাম কমেছে।’
এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে আরও ঘুরে দেখা যায়, মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
মোহাম্মদপুর টাউন হলের হেলাল ট্রেডাসের মালিক আবু হেলাল বলেন, মুরগীর ডিম প্রতিদিনই উঠানামা করে। আজকে ব্রাউন ডিম ডজন ১৪০ টাকা আর সাদা ডিম ১৩০ টাকা বিক্রি করছি। গত সপ্তাহে ১৫০ টাকা ডজনও বিক্রি করেছি।
এদিকে গরুর মাংসের দাম আগের মতোই আছে। ৮০০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে আছে। ১০ টাকা কমে আবার অন্য সপ্তাহে ১০ টাকা বাড়ে। ঘুরিয়ে-ফিরিয়ে ২০০ টাকা আশপাশে দাম থাকে। আর সোনালি ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে থাকে। আজকে ৩১০ টাকা কেজি বিক্রি করছি।’
বাজারগুলোতে প্রতিকেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে। তবে মাছের সাইজ ও জীবিত ও মৃতের ওপর দাম নির্ভর করে। প্রতিটি বাজারে ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি কমবেশি হতে পারে।
মাছ বিক্রেতা মোস্তাকিন বলেন, ‘মাছের দাম আগের মতোই আছে। শুক্রবার সকালের দিকে একটু দাম বেশি থাকে। বিকেলে আবার দাম কমে যাবে। আর মাছের দাম সব সময় চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। আবার জীবিত ও মৃতের ওপরও দাম ওঠানামা করে।’