চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে চাপে ছিল বার্সালোনা। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ছিল সমান। পাশপাশি আতলেতিকো মাদ্রিদের মাঠে পা ফসকানোর শঙ্কা তো ছিলই। শুরুতেই পিছিয়ে পড়ে হোঁচট খাওয়ার পথেই ছিল কাতালান জায়ান্টরা। তবে বার্সার ত্রাতা হয়ে হাজির হলেন ফারমিন লোপেজ। এই মিডফিল্ডারের জোড়াতেই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সা।
লা লিগায় গতকাল মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফারমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়া সফরকারীরা প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে লোপেজের নৈপুণ্যে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন তিনি।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে, আর টেবিলের তৃতীয় স্থানে থাকা দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ এখন শীর্ষস্থান থেকে ৫ পয়েন্ট পিছিয়ে পড়েছে।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাটলেটিকো। মেট্রেপোলিতানো স্টেডিয়ামে এই জয়ে সেই হারের কিছুটা হলেও প্রতিশোধ নিল কাতালানরা।
চোটের কারণে রদ্রিকে ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা, আর শুরুর একাদশে ছিলেন অ্যান্থনি গর্ডন। কিন্তু ম্যাচের শুরুটা বার্সার চেয়ে আতলেতিকোর দাপটই ছিল অনেক বেশি।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে একক প্রচেষ্টায় বার্সা গোলকিপার জোয়ান গার্সিয়াকে একা পেয়েও দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ গোলকিপারকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, কিন্তু গার্সিয়া চমৎকারভাবে তাকে আটকে দিয়ে সাইডলাইনে ঠেলে দেন, ফলে সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয়।
কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ানোর খুব কাছাকাছি পৌঁছে যায় আতলেতিকো, যখন মার্ক পুবিয়াসের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে বার্সেলোনা প্রথম বড় সুযোগ পায় পেদ্রির শট থেকে, তবে বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটটিও ক্রসবারে আঘাত হানে।
মুহুর্মুহু আক্রমণের ধারায় ম্যাচের ১০ম মিনিটে লিড নেয় আতলেতিকো। বাঁ দিক থেকে আলভারেজের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে অনায়াসে ফিনিশিংয়ে বল জালে পাঠান সিমেওনে।
গত সপ্তাহে টেনারিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের প্রয়াণে তার স্মরণে ম্যাচের মাঝে এক মিনিটের করতালি ও খেলা স্থগিত রাখা হয়। খেলোয়াড়রাও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ টি-শার্ট পরিধান করেন।
খেলা পুনরায় শুরু হলে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বার্সা। লোপেজের একটি শট প্রতিহত হওয়ার পর ডান দিক থেকে কাট-ইন করে শট নেন লামিনে ইয়ামাল, যা ইয়ান অবলাক রুখে দেন।
সিমেওনের পাস ধরে প্রায় দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন আলভারেজ; তার নেওয়া শট গোলকিপার গার্সিয়ার পায়ের নিচ দিয়ে গড়ালেও লাইন অতিক্রম করার আগেই বার্সা কিপার বল গ্লাভসে বন্দী করেন।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সমতায় ফেরে সফরকারীরা। বক্সের ভেতর আলগা বল পেয়ে চমৎকার ফিনিশিং দক্ষতায় দূরবর্তী পোস্টের কোণা দিয়ে নিশানা ভেদ করেন ফারমিন লোপেজ। বিরতির পর বার্সেলোনার চাপের মাত্রা আরও বাড়ে, ইয়ামালও দু-একবার গোলের সুযোগ তৈরির চেষ্টা করেন।
৫৫ মিনিটে আলভারেজের সামনে আবারও গোল করার সেরা সুযোগ আসে। একাই বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও এবার দ্রুত চিপ করে গোলকিপার গার্সিয়ার ওপর দিয়ে মারতে গিয়ে বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি, যা গ্যালারিতে থাকা স্বাগতিক সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে।
তবে ১১ মিনিট পর লোপেজ আর কোনো ভুল করেননি। ইয়ামালের বাড়ানো চমৎকার এক থ্রু বল ধরে প্রথম স্পর্শেই আতলেতিকোর গোলকিপার অবলাককে পরাস্ত করে জালে বল পাঠান এই তিনি, আর হান্সি ফ্লিকের দলকে এনে দেন গুরুত্বপূর্ণ লিড। ম্যাচের বাকি সময়ে স্বাগতিকরা কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে না পারায় স্মরণীয় এক জয় উদ্যাপন করেই মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচ শেষে মুভিস্টারকে জয়ের নায়ক লোপেজ বলেন, ‘গত মৌসুমের কথা মাথায় রেখে আমরা জানতাম ওরা আমাদের কেমন চ্যালেঞ্জ ছুড়ে দেবে—ম্যাচটা সত্যিই খুব কঠিন ছিল।’ তিনি আরও বলেন, ‘প্রথমে ওরা গোল করায় আমাদের জন্য কাজটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং দারুণ একটা ম্যাচ খেলেছি।’