বয়স মাত্র ১৯ বছর। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের যুব একাডেমির হয়ে জিতেছেন লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ইয়ুথ লিগ ও অনূর্ধ্ব-২০ আন্তমহাদেশীয় কাপ। এবার তাকে জাতীয় দলে পেতে আগ্রহী আর্জেন্টিনা। তবে তাকে নিয়ে আগ্রহ রয়েছে স্পেনেরও। দুই দেশের টানাপোড়েনে আপাতত কোনো পক্ষকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তরুণ মিডফিল্ডার কার্লোস দিয়েস। খবর টিওয়াইসি স্পোর্টসের।
মাদ্রিদে জন্ম নেয়া দিয়েসের মা আর্জেন্টাইন। ফলে জন্মসূত্রে স্পেনের সঙ্গে সম্পর্ক থাকলেও মায়ের সূত্রে আর্জেন্টিনার হয়েও খেলার সুযোগ রয়েছে তার। ইউরোপে বেড়ে ওঠা, তবে পারিবারিক সূত্রে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকা এমন ফুটবলারদের বলা হয় ‘ইউরোপিবেস’। ইউরোপে থাকা প্রতিভাবান দ্বৈত নাগরিকত্বের ফুটবলারদের দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্কাউটিং বিভাগ।
রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের এই মিডফিল্ডারকে বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে। গত নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকতে চেয়েছিলেন প্লাসেন্তে। এ বিষয়ে রিয়াল মাদ্রিদকেও জানানো হয়েছিল। তবে ক্লাবের অনুরোধে শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি দিয়েসের। প্রীতি ম্যাচের পরিবর্তে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলের হয়ে তাকে ধরে রাখতে চেয়েছিল ক্লাবটির একাডেমি।
তবে আর্জেন্টিনার আগ্রহ থেমে নেই। আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য দিয়েসকে বিবেচনায় রেখেছেন প্লাসেন্তে।
দিয়েস শুধু মাঝমাঠ সামলান না, গোল করতেও বেশ দক্ষ। গত মৌসুমে আলভারো লোপেসের অধীনে রিয়াল মাদ্রিদের জুভেনিল এ দলের হয়ে করেছেন ২১ গোল। দলটির অধিনায়কও তিনি। তার নেতৃত্বেই দলটি চারটি শিরোপা জিতেছে। রিয়াল মাদ্রিদের ইয়ুথ লিগের দলে ২০০৭ সালে জন্ম নেয়া পাচ ফুটবলারের একজন হিসেবেও জায়গা পেয়েছিলেন তিনি।
দিয়েসের পছন্দের জার্সি নম্বর ১০। তার আদর্শও ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। ২০২৬ সালটি তার ক্যারিয়ারের জন্য বিশেষ হয়ে উঠেছে। এ বছর লা লিগা, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা ইয়ুথ লিগ ও অনূর্ধ্ব-২০ আন্তমহাদেশীয় কাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদ সি দলের হয়ে স্পেনের তৃতীয় বিভাগের ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই করছেন।
এদিকে স্পেনও তাকে হারাতে চায় না। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সম্ভাব্য অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের তালিকায় রয়েছেন দিয়েস। গত জানুয়ারিতে ডেভিড কুবিলোর অধীনে স্পেনের অনূর্ধ্ব-১৯ দলে ডাকও পেয়েছিলেন তিনি। তবে এরপর থেকে আর স্পেনের কোনো বয়সভিত্তিক দলে সুযোগ পাননি। স্পেনের অনূর্ধ্ব-২০ দলের কোচ পাকো গায়ার্দোও তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আজারবাইজান ও উজবেকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। স্বাগতিক দেশগুলোর পাশাপাশি সেখানে অংশ নেবে স্পেন ও আর্জেন্টিনাও। ফলে দুই দেশের কাছেই দিয়েস হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দিয়েসের সামনে অনুপ্রেরণা হতে পারেন নিকো পাজ। টেনেরিফে জন্ম নেয়া পাজও বেড়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফাব্রিকায়। পরে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তাকে লিওনেল মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্জেন্টিনায়।
দিয়েসের মতো দ্বৈত নাগরিকত্ব থাকা আরেক ২০০৭ সালে জন্ম নেয়া ফুটবলার ব্রুনো গালাসিকেও অনুসরণ করছে এএফএ। লেইদায় জন্ম নেয়া এই ফুটবলার রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠার পর গত গ্রীষ্মে লাজিওতে যোগ দিয়েছেন। ইতিমধ্যে আর্জেন্টিনার হয়ে খেলার সম্মতিও দিয়েছেন তিনি।