রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল ও এর আশপাশে থাকা বেশিরভাগ ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ স্কোয়াডে।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর হবে এবারের আসর। ১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন সাইফ হাসান। ঘোষিত দলের ৯ ক্রিকেটারেরই ইতোমধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।
এবারের আসর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের সংস্করণে। গত বছর কাতারেই প্রথম আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা খেলবে তাদের ‘এ’ দল নিয়ে। হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে জাতীয় দল নিয়ে।
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ও ২৩ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাইফ-সাব্বিররা। দোহার ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই, ফাইনাল ২৯ নভেম্বর। গত আসরে ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, চৌধুরী মো. রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।