বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেবিলে বসেছেন। বৃহস্পতিবার চীনের আধুনিক নগরী শেনজেনে অনুষ্ঠিত হয়েছে তাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক।
যদিও এই আলোচনা থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা ছিল না, তবে তিন নেতার একসঙ্গে বসাটাই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
শেনজেনের উপকণ্ঠে রাষ্ট্রীয় অতিথিশালা কাইলিন ভিলায় গোলটেবিল বৈঠকে অংশ নেন তিন নেতা।
সেখানে জটিল বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় বৃহৎ শক্তিগুলোর যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন তারা। বৈঠকের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইতিহাস বলে, বৃহৎ শক্তিগুলো শান্তিতে থাকলে বিশ্ব নিরাপদ থাকে। আর তারা সংঘাতে জড়ালে বিশ্ব বিশৃঙ্খলায় ডুবে যায়। এই বৈঠকে প্রত্যেক নেতারই নিজস্ব রাজনৈতিক ও কূটনৈতিক লক্ষ্য ছিল।
ইউক্রেনে হামলার পর প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন অবস্থায় থাকা পুতিনের জন্য এটি ছিল বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর সঙ্গে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার সুযোগ। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টিকে ‘মৌলিক গুরুত্বের’ বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়ে থাকা পুতিনের জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মধ্যেও শি জিনপিং নিজেকে একজন প্রভাবশালী আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তুলে ধরতে চেয়েছেন। আর চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়ে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে থাকা ট্রাম্প দেখাতে চেয়েছেন, নিজ দেশে একচ্ছত্র ক্ষমতার অধিকারী দুই নেতার সঙ্গে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খেলায় তিনিও সমানভাবে সক্রিয়।
বৈঠকের শুরুতে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। আমরা ভিন্ন পথ বেছে নিচ্ছি। দেখা যাক, এর মাধ্যমে কিছু করা যায় কি না।
বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল?
বৃহস্পতিবারের ৮১ মিনিটের এই বৈঠক ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে স্মরণীয় হবে, নাকি নিছক একটি ফটোসেশন হিসেবেই থেকে যাবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ যুদ্ধ, অর্থনীতি ও অত্যাধুনিক প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিন দেশের মধ্যে যে বিশাল মতপার্থক্য রয়েছে, তা দূর করার জন্য এই সময় যথেষ্ট ছিল না।
কাইলিন ভিলায় অনুষ্ঠিত বৈঠকে তিন নেতার উদ্দেশ্যও ছিল ভিন্ন।
মূলত ইউক্রেনের কোনো প্রতিনিধি ছাড়াই দেশটির যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্য থেকে পুতিন এই শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি কিয়েভে উদ্বেগ তৈরি করে। একই সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের স্মৃতি সামনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সম্মেলনে বিশ্বশক্তিগুলো যুদ্ধোত্তর বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করেছিল।
বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শি ও পুতিন উভয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের প্রসঙ্গ তুলে ধরেন। সে সময় ক্ষমতাধর দেশগুলো একত্র হয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলেছিল।
শুরুতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ আলোচনার আনুষ্ঠানিক সূচিতে থাকবে না। তবে পরে ট্রাম্প জানান, তিনি বিষয়টি তুলবেন। বৈঠকের শুরুতে তিনি বলেন, তার মনে হচ্ছে কিছু একটা ঘটছে। তিনি আশা করেন, পুতিন এবং যুদ্ধের অন্য পক্ষও সংঘাতের অবসান চাইবে।
তবে ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা। মস্কো ও বেইজিংয়ের সঙ্গে নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করতে চান তিনি। যদিও এ ধরনের চুক্তির জটিলতা সম্পর্কে তিনি নিজেও সচেতন।
ট্রাম্প বলেন, একবার পারমাণবিক অস্ত্র হাতে চলে এলে তা আর না রাখাটা খুব কঠিন। জীবন এভাবেই চলে।
তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী চীন এ ধরনের কোনো চুক্তিতে আগ্রহী নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, নিজের এপেক সম্মেলনের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কায় শি শুরুতে এই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে কিছুটা অনাগ্রহী ছিলেন।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে দুই নেতার সঙ্গে একত্রে বসার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা দুজনই তাকে পছন্দ করেন। তবে তার পর কী হবে, তা তিনি বলতে পারবেন না।
সম্পর্ক উন্নয়ন ও ক্ষমতার সমীকরণ
শেনজেনের টাইগার সাফারি পার্কের পাশে কাইলিন ভিলায় তিন নেতা সমান দূরত্বে একটি গোলটেবিলে বসেন। মাঝখানে ছিলেন শি জিনপিং। ট্রাম্প বলেন, তারা সত্যিই ইতিহাস তৈরি করছেন এবং আলোচনার জন্য তাদের অনেক বিষয় রয়েছে।
গত দুই বছর ধরে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভূরাজনৈতিক জটিলতা কমানোর চেষ্টা করছেন ট্রাম্প। এ লক্ষ্যে শি ও পুতিনকে কাছে টানতে তোষামোদ এবং জাঁকজমকপূর্ণ সম্মেলনের আয়োজন করেছেন তিনি। পৃথক বৈঠকে দুজনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প।
শি জিনপিংকে উদ্দেশ করে তিনি বলেন, যতদিন তারা দুজন দায়িত্বে থাকবেন, ততদিন তাদের মধ্যে কোনো সমস্যা হবে না বলে তার বিশ্বাস।
তবে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের এই কৌশলে এখনো বড় কোনো সাফল্য আসেনি। গত বছর আলাস্কায় শীর্ষ সম্মেলন হলেও পুতিনের সঙ্গে আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেনি। এ নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ট্রাম্প।
অন্যদিকে, বাণিজ্য ও বিরল খনিজ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন বিরোধ এখনো কাটেনি। চীন ও রাশিয়া উভয়ই ইরানকে সহায়তা ও প্রযুক্তি দিয়ে যাচ্ছে।
পাঁচ বছর আগে ‘সীমাহীন’ অংশীদারত্বের ঘোষণা দেওয়া শি ও পুতিন এরই মধ্যে বহুবার বৈঠক করেছেন। বুধবারের বৈঠকের পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের সম্পর্ককে ‘ঝড়-বৃষ্টির মধ্যেও পাথরের মতো অটল’ বলে বর্ণনা করেছে।
শি ও পুতিন দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন, প্রাচ্যের উত্থান এবং পাশ্চাত্যের পতনের মধ্য দিয়ে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য তাদের পক্ষে চলে আসছে। একই সঙ্গে মার্কিন পরাশক্তির যুগের অবসান ঘটছে। ট্রাম্পের সঙ্গে এই ত্রিপক্ষীয় বৈঠককে তারা নিজেদের সেই অবস্থানের ঐতিহাসিক প্রমাণ হিসেবে তুলে ধরতে পারেন।
যুদ্ধে জড়িত দেশগুলোর হিসাব-নিকাশ
বৈঠকে অংশ নেওয়া তিন নেতার মধ্যে দুজনই অপেক্ষাকৃত ছোট প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িত। ইরানে ট্রাম্পের যুদ্ধ এবং ইউক্রেনে পুতিনের যুদ্ধ-দুটিই সামরিক সম্পদ ক্ষয় করেছে। পাশাপাশি বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়িয়ে বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব পরিস্থিতিতে শি জিনপিংও অসন্তুষ্ট।
তেহরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা শি ও পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই দুই যুদ্ধ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। তবে মস্কো বা বেইজিংকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ না দিয়ে তিনি ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানি ব্যয় কমাতে রাশিয়ার ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন। এতে পরোক্ষভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প নিজেও বিরক্ত। ইরান সংঘাত শুরুতে ছয় সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করেছিলেন তিনি। কিন্তু যুদ্ধটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। ট্রাম্পের নিজের স্বীকারোক্তি অনুযায়ী, এর প্রভাব পড়েছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে। এখন নতুন করে ব্যাপক বোমাবর্ষণ শুরুর সামরিক বিকল্পগুলো বিবেচনা করছেন তিনি।
অন্যদিকে, দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই প্রতিশ্রুতির পর ইতিমধ্যে ৬৬৭ দিন পেরিয়ে গেছে।
ইউক্রেন ও ইরানের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত এই বৈঠক শান্তি প্রতিষ্ঠায় কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবু বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প। শির সঙ্গে আলোচনার আগে তিনি বলেছিলেন, অনেকেই এই বৈঠক থেকে কিছু পাওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন না। তবে তার বিশ্বাস, আলোচনা থেকে উল্লেখযোগ্য কিছু অর্জন করা সম্ভব হবে।
এদিকে, বার্লিনে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শেনজেন বৈঠকের বিষয়ে কথা বলেন। তিনি জানান, ট্রাম্প ফোনে যুক্ত হয়ে আলোচনার মূল্যায়ন জানিয়েছেন।
কুশনারের ভাষ্য অনুযায়ী, শান্তি প্রতিষ্ঠার বিষয়ে শি ও পুতিনকে ‘খুব কড়া বার্তা’ দিয়েছেন ট্রাম্প। লক্ষ্য অর্জনে তাদের সঙ্গে ‘খুব জোরালোভাবে যুক্ত হতে চান’ তিনি। বিস্তারিত না জানালেও কুশনার বলেন, শান্তি অর্জন সম্ভব—এমন বিশ্বাস নিয়েই শেনজেন থেকে ফিরেছেন ট্রাম্প।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও জানান, শেনজেনে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধান।
কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের লড়াই
শেনজেনে ট্রাম্প পৌঁছানোর আগেই এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এবং কথিত এক চীনা গোয়েন্দা এজেন্টকে ঘিরে কেলেঙ্কারি সফরে নতুন মাত্রা যোগ করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হালনাগাদের কারণে সৃষ্ট পরিষেবা বিপর্যয় নিয়েও মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ ছিল।
চীনের প্রযুক্তি ও চিপ উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র শেনজেনে দাঁড়িয়ে দ্রুত বিকাশমান এআই শিল্পে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিযোগিতা করবে, সেই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে। হুয়াংকে ঘিরে ফাঁস হওয়া তথ্য চীনের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ বিক্রি সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরের মতবিরোধও সামনে নিয়ে আসে।
বুধবার সন্ধ্যায় নৈশভোজে শি জিনপিংয়ের পাশে বসে ট্রাম্প বিষয়টি সংক্ষেপে তুলেছিলেন বলে পরে জানান। চীন সফরের আগে তিনি বলেছিলেন, গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে অতিরিক্ত চাপ দিয়ে চীনকে ‘অপমানিত’ করতে চান না।
ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রি বন্ধের পক্ষে। তবে ট্রাম্প নিজে এআইয়ের অগ্রগতি বাধাগ্রস্ত করার বিরোধী। তার মতে, এই প্রযুক্তির অসাধারণ সম্ভাবনা নষ্ট হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি যেকোনো ধরনের বিশ্বায়নবাদী নিয়ন্ত্রণের বিরোধিতা করেন।
তবে এশীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এআইয়ের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, প্রযুক্তিটির বিকাশে সহায়তা করতে হবে, তবে এর নেতিবাচক দিকগুলো মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
কূটনৈতিক শক্তিধর হিসেবে শি জিনপিং
বেইজিং এই শীর্ষ সম্মেলনকে চীনা কূটনীতির বড় সাফল্য হিসেবে দেখবে। চীনের প্রতি ট্রাম্পের প্রশংসা এবং শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার আশ্বাস বেইজিংয়ের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে মার্কিন আইনপ্রণেতারা যখন চীনের উচ্চপ্রযুক্তি পাওয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানাচ্ছেন, তখন ট্রাম্পের এমন অবস্থান চীনের জন্য গুরুত্বপূর্ণ।
মার্কিন কংগ্রেসে ক্ষমতার সমীকরণ পরিবর্তন এবং ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষ পর্যায়ের আগে তার সদিচ্ছাকে কাজে লাগাতে চায় বেইজিং। বিমানবন্দরে ট্রাম্পকে শি জিনপিংয়ের নজিরবিহীন অভ্যর্থনা ও উষ্ণ আচরণও সেই কূটনৈতিক কৌশলের অংশ ছিল।
ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো ফলাফল না আসাটাও বেইজিংয়ের স্বার্থের সঙ্গে মিলে গেছে। কারণ ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে ‘ইয়াল্টা ২.০’-এর মতো কোনো পরিস্থিতি তৈরি হোক, তা চান না শি। এমন কিছু হলে বিশ্বমঞ্চে বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি চীনের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো।
এর পরিবর্তে বড় কোনো জটিল প্রতিশ্রুতি ছাড়াই শি নিজেকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের সমকক্ষ কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছেন। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই অর্জন শি জিনপিংয়ের রাজনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারে। সূত্র: সিএনএন।