ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে কোমোর কাছে ৪-১ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। লজ্জাজনক পরাজয়ের পর কোচ মাইকেল ক্যারিকের কৌশলগত পদ্ধতি নিয়ে সমালোচনা করেছিলেন ব্রুনো ফার্নান্দেস। তবে ম্যাচ-পরবর্তী সেই সমালোচনার জেরে কোনো শাস্তির মুখে পড়ছেন না পর্তুগিজ মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হিসেবেই থাকছেন তিনি।
ইউনাইটেড অধিনায়ক ওই ম্যাচের জন্য ক্যারিকের ট্যাকটিকসের সমালোচনা করে বলেছিলেন যে, কোনো সমস্যা খুঁজে বের করা এবং তা পরিবর্তন করার দায়িত্ব কোচ ও তাঁর ব্যাকরুম স্টাফদের, খেলোয়াড়দের নয়। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স ও ক্লাবের গ্রীষ্মকালীন দলবদল নিয়ে সমালোচনার মাত্র ৮ দিন পর ফার্নান্দেসের এই মন্তব্যকে অনেকে বাইরে থেকে ক্যারিকের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন।
কোমোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে জশুয়া জিরকজির বদলি হিসেবে মাঠ ছাড়লেও, ইতালিতে ম্যাচ শেষে ১০টি সাক্ষাৎকার দিয়েছিলেন ফার্নান্দেস। তাঁর কিছু মন্তব্যে হতাশা প্রকাশ পেলেও, ইউনাইটেডের ইউরোপীয় ইতিহাসের অন্যতম লজ্জাজনক এই হারের ধরণ বিবেচনা করে ফার্নান্দেসের ক্ষোভকে স্বাভাবিকভাবেই দেখা হয়েছে ওল্ড ট্রাফোর্ডে। এখন রোববারের প্রিমিয়ার লিগ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ফার্নান্দেস একাদশে থাকবেন কি না, তা সময়ই বলে দেবে। যদিও শুক্রবারের সংবাদ সম্মেলনে কোচ এ নিয়েও কথা বলেছেন।
খেলোয়াড়রা ‘বাচ্চাদের মতো’: ওয়েন রুনি
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ওয়েন রুনি বলেছেন, কোমোর বিপক্ষে দলটির পারফরম্যান্স দেখে তিনি ‘স্তম্ভিত’ ও বিশ্বাস করতে পারছেন না। ওল্ড ট্রাফোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘদিন পর এমন গভীরভাবে উদ্বিগ্ন হলেন।
সাবেক ইংল্যান্ড ও ইউনাইটেড অধিনায়ক ক্যারিকের ঘনিষ্ঠ বন্ধু রুনি। তা সত্ত্বেও ক্যারিককে নিয়ে সমালোচনা করেছেন তিনি। তবে মার্তিনেজ ও ফার্নান্দেসের বিতর্কিত মন্তব্যের পর খেলোয়াড়দের ‘স্বার্থপর’ ও ‘বাচ্চাদের মতো’ বলে আখ্যায়িত করেছেন রুনি।
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে রুনি বলেন, ‘যখন মার্তিনেজ মুখ খুলল, আমি বলেছিলাম এটি একটি চরম দুঃস্বপ্ন, কারণ এটি ড্রেসিংরুম ধ্বংস করে দেবে। ওটাই ছিল শুরু। এখন আমরা ব্রুনোর ক্ষেত্রেও সেটাই দেখলাম এবং আরও অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেও এটি দেখতে পাবেন, কারণ তারা কোনো দায় নিতে চায় না। ব্রুনো যা বলেছেন তা সঠিক না ভুল, সে বিতর্কে না গিয়েও বলব—মাঠে আপনাদের দায়িত্ব নিতে হবে। খেলোয়াড়দের একটি দল হিসেবে আপনাদেরই দায় নিতে হবে।’
‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা সতীর্থদের পরোয়া করে না, ম্যানেজার, স্টাফ বা ভক্তদের তো নয়ই—তারা কেবল নিজেদের কথাই ভাবে। যদি তাদের মনমতো কিছু না হয়, তারা বাচ্চাদের মতো রাগ দেখায় এবং নিজেদের ব্যর্থতার দায় নিজেদের কাঁধে না নিয়ে অন্যের ওপর চাপিয়ে দিতে চায়।’
গত মৌসুমে পিএফএ ও এফডব্লিউএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এবং প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার রেকর্ড গড়া ফার্নান্দেসের ফর্ম এই মৌসুমে অনেকটাই নিচে নেমে গেছে।
রুনি আরও যোগ করেন, সে (ফার্নান্দেস) অন্য কারও ওপর চাপ সৃষ্টি করছে, কারণ সে নিজে এর মুখোমুখি হতে চায় না। সে যদি আয়নায় নিজের দিকে তাকায়, মার্তিনেজ বা বাকি সবাই যদি আয়নায় নিজেদের দিকে তাকায়, তবে তারা দেখতে পাবে যে সেখানে শুধু তারাই আছে, যা কোনোভাবেই যথেষ্ট নয়। তাদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।'
ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে রুনির বার্তা
রুনি ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ডকে মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বিশ্বাস, ক্যারিকের এখন ‘লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত’। ২০১৫-১৬ মৌসুমের পর থেকে ইউনাইটেডের সবচেয়ে বাজে ফর্মের কারণে ক্যারিক বরখাস্তের মুখে আছেন বলে তীব্র গুঞ্জন রয়েছে।
রুনি নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ‘আমিও এমন পরিস্থিতিতে (প্লিমাউথ ও বার্মিংহাম সিটিতে) ছিলাম। পেছনে ফিরে তাকালে আমি শুধু এটুকু বলতে পারি, এখন যদি আমি মাইকেল ক্যারিকের অবস্থানে থাকতাম, তবে লড়াই করেই টিকে থাকার চেষ্টা করতাম।’
‘এখন আর ভালো মানুষ সাজার সময় নেই। খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট কাজ করতেই হয়, তবে নিজের জন্যেও আপনাকে (ক্যারিক) লড়াই করতে হবে। কারণ এই খেলোয়াড়েরাই আপনাকে ডুবিয়ে ছাড়বে এবং শেষ পর্যন্ত আপনার চাকরিটাই চলে যাবে।’