খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। তবে কোচিং স্টাফে যুক্ত হয়ে জাতীয় দলের সঙ্গে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। মেসিকে কোচিং স্টাফে স্বাগত জানাতে প্রস্তুত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে কাল কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের সহকারী কোচ হিসেবে ইতি টানবেন ওয়াল্টার স্যামুয়েল। সংবাদ সম্মেলনে মেসিকে কোচিং স্টাফে যুক্ত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় স্কালোনিকে।
জবাবে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক... সে আসুক।’
তবে মেসির খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে বলে মনে করেন না স্কালোনি। তার বিশ্বাস, ক্লাব ফুটবলে আরও অনেক দিন খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে, তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।’
মেসি অবশ্য আগেই জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার বা কোনো কোচিং স্টাফের অংশ হওয়ার ইচ্ছা তার নেই। বরং ক্রীড়া ব্যবস্থাপনায় কাজ করার আগ্রহের কথা বলেছেন তিনি। এরই মধ্যে রোজারিওর ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি।
স্যামুয়েলের বিদায়ে আপাতত নতুন কাউকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কাউকে যুক্ত করছি না। আমাদের বিশ্বাস, বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে পারব। সেটাই চেষ্টা করব। তবে ভবিষ্যতে যুবদলের কিছু খেলোয়াড় আমাদের সহায়তা করতে পারে।’
স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘ওয়াল্টার আগেই জানিয়েছিল, সে নিজের মতো করে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নিজের পথচলা শুরু করার এটাই সঠিক সময়। তার জন্য শুভকামনা।’