নিজেদের আগের ম্যাচেই শক্তিশালী ফ্রান্সকে সহজেই হারিয়েছিল ইতালি। তবে পরের ম্যাচেই এবার তাদের গুড়িয়ে দিল বেলজিয়াম। মাত্র ১১ মিনিটের এক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ‘আজ্জুরি’রা।
নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এই জয়ে 'বি' গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মার্ক ফন বোমেলের দল। একই সময়ে আরেক ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স।
ইতালি ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে থেকেই শেষ রাউন্ডে মাঠে নামে। কিন্তু বেলজিয়ামের কাছে হেরেই তৃতীয় হয়ে বিদায় নিতে হচ্ছে গত তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া দলটিকে। ছয় ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩, বেলজিয়ামের ১২, ইতালির ১০। সব ম্যাচেই হেরে তলানিতে তুরস্ক।
ব্রাসেলসে ম্যাচের শুরুটা ছিল বেশ প্রাণবন্ত, যেখানে বেলজিয়ামের গোলকিপার সেনে ল্যামেন্স দারুণ দুটি সেভ করেন। এরপর দ্রুতগতির এক প্রতি-আক্রমণ থেকে কাছের পোস্টে ফিনিশ করে ইতালিকে এগিয়ে দেন ফ্রান্সেসকো পিও এস্পোসিতো।
তবে ফন বোমেলের শিষ্যরা সমতায় ফিরতে একদমই সময় নেয়নি। পেনাল্টি এরিয়ায় চার্লস ডি কেটেলারের চতুর এক পাস থেকে কাছ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন ম্যাক্সিম ডি কুইপার। এরপর নাথান এনগয় জালের ওপরের অংশ দিয়ে জোরালো শটে বল পাঠালে ২-১ গোলের লিড নেয় বেলজিয়াম।
একক নৈপুণ্যে দারুণ এক দৌড়ের পর বেলজিয়ামের তৃতীয় গোলটি করেন জেরেমি ডোকু। বিরতির ঠিক আগে পিএসভিতে যাওয়ার গুঞ্জনে থাকা কেভিন ডি ব্রুইনার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্য প্রান্তে শুরুতে দাপট দেখালেও পরবর্তীতে বেলজিয়ামের সামনে অসহায় হয়ে পড়া ইতালির হয়ে নিকোলো পিসিলি হেড লক্ষ্যভ্রষ্ট করেন।
বিরতির পর ইউরি তিলেমানসের পাসে ডি ব্রুইনার শট অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর ডি কেটেলারের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফেরে। বেলজিয়াম চতুর্থ গোলের জন্য মরিয়া হয়ে উঠলে ডি ব্রুইনার আরেকটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন ইতালিয়ান গোলকিপার দোন্নারুম্মা।
বক্সের ভেতরে ডি কুইপার পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন জানায় বেলজিয়াম, তবে রেফারি তাতে সাড়া দেননি। ম্যাচের শেষ দিকে দিয়েগো মোরেইরার একটি শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
নেশনস লিগে তুরস্কের বিপক্ষে কঠিন এক সন্ধ্যা পার করলেও বোর্দোতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই এগিয়ে যাওয়ার লক্ষ্যে আক্রমণ শানায় ফ্রান্স। বিরতির আগে পুরো সময়জুড়ে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। মাইকেল ওলিসের শটও ওজার ঠেকিয়ে দেন এবং অফসাইডের কারণে বাতিল হয় কিলিয়ান এমবাপের একটি গোল।
বিরতির পরপরই ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স; তুরস্কের ডিফেন্ডার এমিরহান তোপচু নিজেদের জালেই বল জড়িয়ে বসলে লিড পায় স্বাগতিকরা। এই গোলে 'এ' গ্রুপের শীর্ষস্থান আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। তবে কিছুক্ষণ পরই কাছ থেকে গোল করে তুরস্ককে সমতায় ফেরানোর উল্লাসে মেতেছিলেন আর্দা গুলের। কিন্তু ভিএআর-এর পরামর্শে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচের এক ঘণ্টা পেরোনোর পর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ জিদান। রাবিও ও বারকোলাকে তুলে নিয়ে এদুয়ার্দো কামাভিঙ্গা ও এলি জুনিয়র ক্রুপিকে মাঠে নামান তিনি। জিদানের এই কৌশল দারুণভাবে কাজে দেয়। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে চেরকির অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-০ করেন বদলি নামা ক্রুপি, যা বোর্দোতে তুরস্কের প্রতিরোধ ভেঙে দেয়।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে আব্দুলকেরিম বারদাকসি তুরস্কের হয়ে একটি গোল শোধ করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।