ইসরায়েলে ইহুদি ও আরব দলগুলোর অংশীদারত্বে সরকার গঠনের দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশজুড়ে কয়েকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, পরিবর্তনপন্থি জোটের নেতৃত্বে সরকার গঠনের সমর্থনে এসব কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
‘স্ট্যান্ডিং টুগেদার’ গোষ্ঠীর আয়োজকেরা জানিয়েছেন, মঙ্গলবারের নির্বাচনের পর ইহুদি-আরব সরকার গঠনের আহ্বান জানিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বেরশেবা, হাইফা ও তাইবেতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বিরোধী জোট ৬৭টি এবং ক্ষমতাসীন জোট ৫৩টি আসন পেয়েছে। তবে বিরোধী জোটের ৬৭টি আসনের মধ্যে ৪৮টি জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আরব-অজায়নবাদী দলগুলোর। এর আগে ইহুদি বিরোধী নেতারা আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা না করার কথা জানিয়েছিলেন।
আয়োজকেরা বলেন, ‘বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, পরিবর্তনপন্থী জোটের নেতারা যেন নিজেদের বিজয়কে স্বীকৃতি দেন এবং ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠন করেন।’
তারা আরও বলেন, ‘পরিবর্তনের পক্ষে ভোট দেয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে। এখন আমাদের অংশীদারত্ব পরিত্যাগ করার সময় নয়, বরং একে এমন রাজনৈতিক শক্তিতে রূপ দেয়ার সময়, যা বাস্তবতা বদলে দেবে। আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমান। দেশের ভবিষ্যৎ নির্ধারণে আরব নাগরিকরাও পূর্ণ অংশীদার হওয়ার যোগ্য।’