বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। অন্যান্য ছুটির দিনের তুলনায় ক্রেতার আনাগোনা কম। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাছের বাজারে এসে অনেকটাই বেকায়দায় পড়েছেন ক্রেতারা। দাম বেশ চড়া। ৯শ' থেকে হাজার টাকার নিচে মিলছে না নদ-নদীর মাছ। বড় আকারের চাষের রুই-কাতলার জন্যও গুণতে হবে সাড়ে চারশো থেকে ৫শ' টাকা। ইলিশের দেখা মিললেও পরিমাণে বেশ কম। দামও আকাশছোঁয়া। ৭শ' থেকে ৮শ' গ্রাম ওজনের ইলিশের জন্য পকেট থেকে বেরিয় যাবে দেড় হাজার টাকার বেশি।
টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে সব ধরনের সবজির। ফলে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা, ফলে আজ ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পটল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা, উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, সিম মান ভেদে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, পুরাতন টমেটো প্রতি কেজি ২২০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে আজ বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিন যে দাম ছিল সেই তুলনায় আজ প্রতিটা সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছে, বৃষ্টির কারণে নাকি কারণ বাজারে আজ সবজির সরবরাহ একেবারেই কম। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে বৃষ্টি সে কারণেই মূলত সবজির দাম বেড়েছে।
সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, আজ সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে দেখি সবজির সরবরাহ একেবারেই কম। মূলত গতকাল বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারিনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ একটু সবজির দাম বাড়তি যাচ্ছে।
আজ বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা এবং ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস সেগুনবাগিচায় ৮৫০ টাকা এবং বাসাবো বালুরমাঠে ৮২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই বাজারে গরুর মাংসের দামে কেজিতে ৩০ টাকা পার্থক্য রয়েছে। খাসির মাংস সেগুনবাগিচায় ১ হাজার ৩০০ টাকা এবং বাসাবো বালুরমাঠে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের প্রথম ও মাঝামাঝি সময়ে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সে তুলনায় আজ ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। একইভাবে সোনালি মুরগির দামও আগের ৩১০ থেকে ৩৩০ টাকা হলেও আজ কমে ৩০০ টাকায় নেমেছে।
ডিমের দামেও কিছুটা পরিবর্তন এসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়েছিল। পরবর্তী সময়ে ডিমের দাম কিছুটা কমে আজ বাজারে ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও কয়েক ধরনের মাছের দাম আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে। শুক্রবার বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম ৩৪০ থেকে ৩৮০ টাকা কেজি। সামুদ্রিক বাইলা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। লইট্যা মাছের দাম ৩০০ টাকা কেজি। তবে টেংরা মাছ ৬০০ টাকা এবং কই মাছ প্রকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছের দাম আরও বেশি, প্রতি কেজি ১ হাজার থেকে ১২০০ টাকা।
গত কয়েক সপ্তাহের বাজার প্রতিবেদনে রুই মাছের দাম ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি পর্যন্ত উল্লেখ করা হয়েছিল। সে তুলনায় আজ রুই মাছ ৩৪০ থেকে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাঙাশের দামও আগের প্রতিবেদনে উল্লেখ করা দামের তুলনায় কম পাওয়া যাচ্ছে।
সব মিলিয়ে মাছ-মাংস ও ডিমের বাজারে পণ্যভেদে দামের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ব্রয়লার ও সোনালি মুরগি এবং কয়েক ধরনের মাছের দাম কমলেও গরু ও খাসির মাংসের দামে বাজারভেদে পার্থক্য রয়েছে। কিছু পণ্যে ক্রেতারা স্বস্তি পেলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি।