সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগে কার্যক্রমে সরাসরি ভারত জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোদীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ততা।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা নাগাদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে না, তাদের আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
এনসিপির আহ্বায়ক বলেন, ওপারে সীমান্তের কাছে একটি সমাবেশ হয়েছে, বিজিপি এবং ওখানকার একটি হিন্দুবাদী সংগঠন বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে এরকম একটা মিথ্যা বক্তব্য তারা প্রচার করার চেষ্টা করছে। যে সমাবেশে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা যুক্ত হয়েছে। তাই এটা সুস্পস্ট যে, বাংলাদেশে যা কিছু এখন হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত আছে।
নাহিদ বলেন, তারা (ভারত) আন্তর্জাতিকভাবে একটা অপতথ্য বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানোর চেষ্টা করছে যে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। আসাম, দিল্লি, পশ্চিমবঙ্গ সেখানকার মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে।
এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট গণহত্যাকারী। তাকে দেশে এনে তার যে রায় হয়েছে তা বাস্তবায়ন করতে আমরা সরকার প্রধানকে বলেছি। আমরা বলেছি, শহীদ ওসমান হাদির খুনি এবং হাসিনাকে দেশে এনে বিচারের আওয়াত আনতে হবে দ্রুত।
নাহিদ আরও বলেন, আমরা একদলীয় সংবিধান সংস্কার কমিটি বাতিলের আহ্বান জানিয়েছি। যেভাবে গণভোটে জুলাই সনদের ফলাফল এসেছে সে হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। আমরা সংস্কারের আহ্বান জানিয়েছি। আমরা বিচারের কথা বলেছি, ট্রাইব্যুনালে এবং বিভিন্ন জেলায় যেসব মামলা হয়েছে সেগুলো যাতে দ্রুত হয়। যারা জুলাইয়ের ভিক্টিম তারা যেন সঠিক বিচারটা পায়। এছাড়া ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আমরা শক্তভাবে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে বলেছি।