ইউরোপের দক্ষিণপূর্বাঞ্চলীয় দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা।
এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন ছিলেন এবং তারা সবাই ইতালির নাগরিক। নিহত ৪ জনের মধ্যে ২ জন ইতালির সেনাবাহিনীর সদস্য এবং বাকি ২ জন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।
আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা-সেবা দেওয়া হচ্ছে। তাদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, “এই গভীর শোকের মুহূর্তে, আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানাচ্ছি।"
ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি সামরিক পরিবহন হেলিকপ্টার মাটিতে উল্টে পড়ে আছে এবং সেটি টুকরো টুকরো হয়ে গেছে।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’ এর অংশ হিসেবে মোতায়েন করা হয়েছিল। এই মিশনটি ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “আমার ভাবনা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং সেই সব মানুষের সঙ্গে রয়েছে, যারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে যুক্ত থেকে বর্তমানে চরম যন্ত্রণাময় মুহূর্ত পার করছেন।" সূত্র : রয়টার্স