টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে ক্যান্সার, কিডনি ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত ও সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার বাস্তবায়নে কক্ষটি চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।