পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে বিচ্ছিন্ন কোনো আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে তৈরি পোশাকশিল্প, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের অস্থিরতার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল।
তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হবে।
আলোচনা সভায় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে কি না, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলো যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সংকটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। সেখানে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জন জরুরি।
পার্বত্যনিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আগ্রহ ও কার্যক্রম অত্যন্ত সীমিত। পাহাড়ের সমস্যা বুঝতে হলে রাজনৈতিক দলগুলোকে সেখানে নিয়মিত যেতে হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট একদিনে তৈরি হয়নি। ভূমি বিরোধ এ সংকটের অন্যতম প্রধান উৎস। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও যুক্ত হয়েছে। শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। পাহাড়ের সমস্যাকে শুধু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখলে চলবে না, এটি বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন।
সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, স্বাধীনতার পর পাহাড়ের জনগোষ্ঠীর পরিচয় ও জাতিগত স্বাতন্ত্র্যের প্রশ্নটি যথাযথ রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা হয়নি। শেখ মুজিবুর রহমানের আমলে পাহাড়িদের বাঙালি পরিচয়ে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এর ফলে পাহাড়ের জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট মূলত রাজনৈতিক সমস্যা, সামরিক সমস্যা নয়। রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার দমন-পীড়নের মানসিকতা পরিহার করতে হবে।
বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট শুধু সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের বিষয়। পাহাড়ে ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক পরিচয় নিশ্চিত করতে কার্যকর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর সংসদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভালোবাসা, আস্থা ও সমমর্যাদার ভিত্তিতে সংকটের সমাধান করতে হবে।
জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান বলেন, মূলধারার রাজনীতিবিদদের বড় একটি অংশ পার্বত্য চট্টগ্রামে যেতে আগ্রহী নন। ফলে পাহাড়ের মানুষের বাস্তব সমস্যা সম্পর্কে জাতীয় পর্যায়ে যথাযথ ধারণা তৈরি হচ্ছে না। সংকটের অন্যতম প্রধান কারণ ভূমির মালিকানা ও ভূমি ব্যবস্থাপনার জটিলতা। স্যাটেলাইট প্রযুক্তির যুগেও সেখানে পূর্ণাঙ্গ ভূমি জরিপ না হওয়া রাষ্ট্রীয় ব্যর্থতার পরিচয়।
তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় পার হলেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ পর্যালোচনা হয়নি। পার্বত্য চট্টগ্রামকে জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে হবে। এ সংকট সমাধানে সরকারকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতা ও রাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট জিইয়ে রয়েছে। এ সমস্যা সমাধানে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ও জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রীয় নীতি প্রয়োজন।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। এ সময় দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, যুব পার্টির নেতাসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।