জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে তিনি ইস্তাম্বুলে পৌঁছেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগদানের পাশাপাশি ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।