ম্যাচের শেষ বাঁশি বাজতে বাকি কয়েক মুহূর্ত। তখনো ২-২ গোলে সমতায় ম্যাচ। এমন সময়ে পেনাল্টি থেকে গোল করে নরওয়েকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন আর্লিং হলান্ড। তার গোলে ডেনমার্ককে হারিয়ে ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে।
মঙ্গলবার রাতে ডেনমার্কের মাঠে ম্যাচের শুরুতে দারুণ ছন্দে ছিল স্বাগতিকেরা। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় তারা। ১১তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে লিড নেয় ডেনমার্ক। তিন মিনিট পর অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গ হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
এই ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ছিল ডেনমার্ক। তবে হাল ছাড়েনি নরওয়ে। গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে মার্টিন ওডেগার্ডের সহায়তায় ৩৭তম মিনিটে ব্যবধান কমান হলান্ড। কাছ থেকে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে নরওয়ে। ৮৩তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের শট পোস্টে ফিরে এলে ফিরতি বলে গোল করেন ওডগার্ড। তাতে ২-২ সমতায় ফেরে সফরকারীরা।
ডেনমার্কের জন্য ড্র-ই যথেষ্ট ছিল পরের পর্বে যাওয়ার জন্য। কিন্তু যোগ করা সময়ে জোয়াকিম অ্যান্ডারসেন নিজেদের বক্সে হাতে বল লাগালে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি হলান্ড। শেষ মুহূর্তের সেই গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে গ্রুপ এ৪ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ায় পরের পর্বে যাওয়ার স্বপ্ন ভাঙল ডেনমার্কের।