সুইজারল্যান্ড দলে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো গ্রানিত জাকার। চোটের কারণে নেশনস লিগের পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না তার। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের ম্যাচের আগে কাফ মাসলে চোট পান এই মিডফিল্ডার।
রোববার চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় পায় সান্ডারল্যান্ড। ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় পায়ের পেশিতে চোট পান ৩৪ বছর বয়সী জাকা। চোট নিয়েই মাঠে নামলেও দ্রুত উঠে যেতে হয় তাকে। এই চোটেই ছিটকে গেলেন তিনি।
সুইজারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৫২ ম্যাচ খেলা জাকা বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত ৩-১ গোলের অতিরিক্ত সময়ের হারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
গত আন্তর্জাতিক বিরতিতেও নেশনস লিগের চার ম্যাচে খেলতে পারেননি জাকা। ২০২২ সালে কোভিড-১৯ টিকার ভুয়া নথি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ স্বীকার করার পর দুই বছরের প্রবেশন (পর্যবেক্ষণকালীন) এবং স্থগিত জরিমানার সাজা পান তিনি।
নেশনস লিগের দ্বিতীয় স্তরের গ্রুপে বর্তমানে শীর্ষে আছে সুইজারল্যান্ড। শুক্রবার স্লোভেনিয়ার মাঠে খেলবে তারা। এরপর তিন দিন পর স্কটল্যান্ডকে আতিথ্য দেবে দলটি।
জাকার পাশাপাশি চোটের কারণে সুইজারল্যান্ডের দল থেকে ছিটকে গেছেন সেভিয়ার উইঙ্গার রুবেন ভার্গাস ও হামবুর্গের ডিফেন্ডার মিরো মুইমও। তাদের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ডিফেন্ডার রোজেরিও নিয়াকোসি। বর্তমানে বেলজিয়ামের ক্লাব লুভেনে খেলেন তিনি।
নিয়াকোসির ডাক পাওয়ায় সুইজারল্যান্ডের বর্তমান দলে জেনেভায় জন্ম নেওয়া এবং সেরভেতের একাডেমিতে বেড়ে ওঠা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ছয়ে। এই তালিকায় আরও আছেন ডেনিস জাকারিয়া, ইয়োহান মানজাম্বি, জেকি আমদুনি, জাকারি আথেকামে ও উইন্সলি বোতেলি।