সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার এই ভয়াবহ পরিস্থিতি যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে। মানচিত্র দেখুন
সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে আলাপকালে তিনি গাজা যুদ্ধ নিয়ে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। ওবামা মনে করেন, বছরের পর বছর ধরে জমে থাকা বঞ্চনা ও ক্ষোভ থেকেই আজকের এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে ওবামা স্পষ্টভাবে উল্লেখ করেন, ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মানুষের জমি দখল করার পাশাপাশি ক্ষমতার চরম অপব্যবহার করেছে।
তাই নিজেদের হারানো ভিটেমাটি ফিরে পাওয়ার জন্য ফিলিস্তিনিদের এই লড়াইকে তিনি একেবারেই স্বাভাবিক বলে আখ্যায়িত করেন। ইউরোপে ইহুদিদের ওপর হওয়া ঐতিহাসিক নিপীড়নের কথা মেনে নিয়েও তিনি স্মরণ করিয়ে দেন যে, নিজেদের মাতৃভূমি হারিয়ে ফিলিস্তিনিরাও কোনো অংশে কম অন্যায়ের শিকার হয়নি।
ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের ভূমি কেড়ে নেওয়ার কারণে ইসরায়েল বিশ্বমঞ্চে নিজস্ব নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান ইসরায়েলি সরকারকে আরও বেশি বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়ে ওবামা সতর্ক করেন, কেবল সামরিক শক্তির দাপট দেখিয়ে কখনোই স্থায়ী শান্তি অর্জন করা যায় না। প্রযুক্তি ও সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ‘যা খুশি তা-ই করব’—ইসরায়েল সরকারের এমন দাম্ভিক মানসিকতা তাদের সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে নৈতিক পতন ডেকে আনছে।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি কখনোই এই ভূখণ্ড ছেড়ে কোথাও যাবে না। তাই নিজেদের জন্য যা মেনে নেওয়া অসম্ভব, তা ফিলিস্তিনিদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফেরানো সম্ভব নয়।