গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে ঐক্যের এই শীর্ষ নেতা জানান, যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দল।
মামুনুল হক বলেন, কয়েকদিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতায় জনগণ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সুযোগ পেয়েছে নাশকতাকারীরা। নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, বর্তমান এই সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই ১১ দল। নৈরাজ্য করে জাতিকে পরাজিত করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান তিনি।
মামুনুল হক আরও বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করব। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।
তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরইমধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে—যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রাথমিক বার্তা এসেছে। গণভোটের গণরায় মেনে না নিলে এই ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেন মামুনুল হক।