আগামী বছরের জুনে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। এর প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব দেওয়া হয়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তবে সিরিজটির সময়কাল নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুক্রবার পাকিস্তানে সংবাদমাধ্যমকে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বিসিবি কর্মকর্তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, নাকভির উল্লেখ করা সময়টি সঠিক নয়। প্রস্তাবটি মূলত ২০২৭ এশিয়া কাপের আগে খেলার জন্য দেওয়া হয়েছে।
আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব আমরা দিয়েছি এবং দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।”
তবে দুই বোর্ডের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারছে না বিসিবি।
ওই কর্মকর্তা আরও যোগ করেন, “যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে, তাই আমরা এখনই এর ঘোষণা দিতে পারছি না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আমাদের জানাবে।”
২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।