এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশকে (আইইউবি) উড়িয়ে দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৯৪ রানে জিতেছে তারা।
রোববার রাতের ম্যাচে আগে ব্যাট করে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ডিআইইউ। জবাবে ১৫.১ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় আইইউবি।
ডিআইইউকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে সম্মিলিত অবদান রাখেন সব ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন কাজী। মাত্র ২২ বলে ৪২ রান করে রানআউট হন তিনি।
এছাড়া রিয়াজুল ২৪ বলে ৩৬, আবির ১৭ বলে ৩০ ও তন্ময়ের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৫ রানের ইনিংস।
আইইউবির পক্ষে ২ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন সিসোর।
বড় লক্ষ্যে একদমই সুবিধা করতে পারেনি আইইউবি। তিন নম্বরে নামা আমানের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ২২ রান। আর কেউ ২০ রানও করতে পারেননি।
ডিআইইউ এর পক্ষে ৩ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রিতম। আরেক বাঁহাতি স্পিনার তন্ময় মাত্র ৩ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া তানিমের ঝুলিতেও যায় ৩টি উইকেট।
এর আগে দিনের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল সোনারগাঁও ইউনিভার্সিটি বাংলাদেশ (এসইউবি)।