বিশ্ব ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজে ক্রমেই একঘরে হয়ে পড়ছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর এবার আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারী ও মেয়েদের প্রতি বৈষম্য এবং মানবাধিকার পরিস্থিতির প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সোমবার নতুন এই নীতির কথা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। সংস্থাটি বলেছে, আফগানিস্তানের সঙ্গে কেবল আইসিসির টুর্নামেন্টে খেলা হবে। এর মধ্যে প্রস্তুতি ম্যাচও অন্তর্ভুক্ত। আফগানিস্তানের নারী ক্রিকেট ও বৃহত্তর মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না এলে দেশটির সঙ্গে নিজেদের উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না তারা।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি স্কটল্যান্ড। তবে ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।
এ বছরের গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে সম্পর্ক ও যোগাযোগের বিষয়টি পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ডের বোর্ড। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুবিধা চেয়েছিল আফগানিস্তান। তবে শেষ মুহূর্তে আবেদন এবং উপযুক্ত ভেন্যু না থাকায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে (এপিএল) স্কটিশ ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নিয়েও এসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। গত সপ্তাহে অনুষ্ঠিত লিগটির খেলোয়াড় নিলামে স্কটল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। তবে আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে ক্রিকেট স্কটল্যান্ড।
সোমবার পুরুষ ও নারী দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন নীতির কথা জানিয়ে দিয়েছে বোর্ড। এক বিবৃতিতে তারা বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করব। কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া হলে, সেটিকে আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে দেখা যাবে না।’
২০২১ সালে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ বাতিল করে। এরপর ২০২৩ ও ২০২৪ সালেও আরেকটি সিরিজ বাতিলের মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে সব ধরনের দ্বিপক্ষীয় ক্রিকেট ম্যাচ খেলা পুরোপুরি বন্ধ করে দেয় তারা। চলতি বছরের মে মাসে ইংল্যান্ডও আনুষ্ঠানিকভাবে আফগানদের বিপক্ষে সিরিজ না খেলার ঘোষণা দেয়। এবার সেই তালিকায় যুক্ত হলো স্কটল্যান্ডের নাম।
২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দেয় আইসিসি। যদিও নারী জাতীয় দল ও নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো গড়ে তোলার শর্ত পূরণ করতে পারেনি দেশটি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা।